পটিয়ায় ভূমি সেবা মেলা উদ্বোধন করলেন এমপি এনামুল হক এনাম
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়ায় ভূমি সেবা মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার বৃদ্ধি এবং নাগরিক সেবা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্য নিয়ে এ মেলার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে পটিয়া ভূমি অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সাবেক মেয়র নুরুল ইসলাম, বিএনপি নেতৃবৃন্দ খোরশেদ আলম, বদরুল খায়ের চৌধুরী, গাজী আবু তাহের, তৌহিদুল আলম, আবদুল মাবুদ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন, সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র নাথ, শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার, ভূমি অফিসের নাজির জামাল উদ্দিন ও এস এম নয়ন প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে এমপি এনামুল হক এনাম বলেন, ভূমি সেবা জনগণের মৌলিক নাগরিক অধিকারের অংশ। সরকার এ সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। তিনি বলেন, সহজ, স্বচ্ছ ও অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, এবারের প্রতিপাদ্য—“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ।” এ লক্ষ্য বাস্তবায়নে ভূমি সেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ হয়রানিমুক্তভাবে সেবা গ্রহণের সুযোগ ও ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে পরিষ্কার ধারণা পাচ্ছে।
মেলায় ভূমি সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, ঘরে বসে ডিজিটাল সেবা গ্রহণের ধারণা দেওয়া, সরাসরি সেবা প্রদান, ভূমি উন্নয়ন কর প্রদান বিষয়ে উৎসাহিত করা এবং রাজস্ব বৃদ্ধিতে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ভূমি সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানানো হয়।
আয়োজকরা জানান, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নাগরিকদের যেকোনো সমস্যায় সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬