|
প্রিন্টের সময়কালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ মে ২০২৬ ০৮:২২ অপরাহ্ণ

অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি: কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ, মামলার প্রস্তুতি


অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি: কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ, মামলার প্রস্তুতি


খুলনা ব্যুরো


 

খুলনায় গুলিবিদ্ধ এক যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলির ঘটনায় এখনো কাউকে শনাক্ত বা আটক করতে পারেনি পুলিশ। বুধবার রাত পর্যন্ত এ ঘটনায় কোনো গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। তবে ভুক্তভোগীর পরিবার রূপসা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
 

স্বজনদের অভিযোগ, গত ৪ মে দুপুরে নগরীর লবণচরা থানার কোবা মসজিদ এলাকায় রাজু হাওলাদারকে প্রতিপক্ষ গুলি করে। এতে তিনি পেটে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সেদিন রাতেই অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়। পথে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ ওঠে।
 

পুলিশ জানায়, রাজু হাওলাদার লবণচরা থানার শিপইয়ার্ড এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। লবণচরা থানায় দায়ের হওয়া চারটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলায় হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
 

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, পুলিশি পাহারায় ঢাকায় নেওয়ার সময় রাতের অন্ধকারে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। এটি পূর্বশত্রুতা, আধিপত্য বিস্তার বা কোনো অপরাধী চক্রের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল কিনা—তা খতিয়ে দেখা হচ্ছে।
 

তিনি আরও জানান, বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রাজুর শারীরিক অবস্থা আগের তুলনায় উন্নতির দিকে। পরিবারের সদস্যরা রূপসা থানায় অবস্থান করছেন এবং রাতেই এ ঘটনায় মামলা দায়ের করা হতে পারে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬