|
প্রিন্টের সময়কালঃ ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৪৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ আগu ২০২৬ ০৭:৩৬ অপরাহ্ণ

সীতাকুণ্ডে নির্মাণের এক সপ্তাহেই সড়কে ধস, সিএনজি-রিকশা চলাচল বন্ধ


সীতাকুণ্ডে নির্মাণের এক সপ্তাহেই সড়কে ধস, সিএনজি-রিকশা চলাচল বন্ধ


কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:


 

চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি অর্থায়নে নির্মাণ করা একটি গ্রামীণ সড়ক উদ্বোধনের আগেই ভেঙে পড়েছে। নির্মাণকাজ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই সড়কের বিভিন্ন অংশ ধসে পড়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
 

উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ভাণ্ডারী রোড থেকে বটতল রোড সংযোগকারী ‘তুলাতলী সড়কটিতে’ সম্প্রতি ইটের সোলিংয়ের কাজ শেষ করা হয়। তবে সড়কটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন বা চলাচলের জন্য উন্মুক্ত করার আগেই পাশের ড্রেন ও নিচু জমির দিকে ধসে পড়তে শুরু করে। কোথাও কোথাও ইটের গাঁথুনি আলগা হয়ে সড়কের বড় অংশ ভেঙে গেছে।
 

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও যথাযথ তদারকির অভাবে সড়কটির এমন দুরবস্থা হয়েছে। তাদের দাবি, ১ নম্বর ইটের পরিবর্তে নিম্নমানের ইট, অপর্যাপ্ত বালি এবং দুর্বল গাইডওয়াল ব্যবহার করা হয়েছে। ফলে সামান্য বৃষ্টি ও যানবাহনের চাপেই সড়কের বিভিন্ন অংশ ধসে পড়েছে।
 

সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সিএনজি অটোরিকশা ও রিকশা চলাচলও প্রায় অযোগ্য হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
 

এলাকাবাসী সড়ক নির্মাণে সম্ভাব্য অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি দ্রুত সড়কটি টেকসইভাবে পুনর্নির্মাণের জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
 

এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি কোনো লিখিত অভিযোগ পাইনি। আপনার কাছ থেকেই বিষয়টি এইমাত্র জানতে পারলাম। বিষয়টি তদন্তের জন্য ব্যবস্থা নিচ্ছি। পুনর্নির্মাণের আগে যাতে ঠিকাদার বিল নিতে না পারেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হচ্ছে।’
 

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত তদন্তের মাধ্যমে সড়কটির নির্মাণকাজে কোনো অনিয়ম হয়ে থাকলে তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং জনগণের চলাচলের উপযোগী করে সড়কটি পুনর্নির্মাণ করা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬