|
প্রিন্টের সময়কালঃ ১১ আগu ২০২৬ ০৫:১৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ আগu ২০২৬ ০২:৫৬ অপরাহ্ণ

সমতার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন করে গড়ে উঠবে: জাহেদ উর রহমান


সমতার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন করে গড়ে উঠবে: জাহেদ উর রহমান


ঢাকা প্রতিনিধি:

 

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, গত ১৭ বছরে দুই দেশের মধ্যে যে ধরনের সম্পর্ক ছিল, তা থেকে বেরিয়ে এখন সমতা, পারস্পরিক সম্মান ও সার্বভৌমত্বের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।
 

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
 

জাহেদ উর রহমান বলেন, ‘বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না।’ বাংলাদেশ ও ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে প্রয়োজন অনুযায়ী যোগাযোগ ও আলোচনা হতে পারে বলেও জানান তিনি।
 

শেখ হাসিনা সরকারের সময় ভারতের কোনো সংস্থা বা প্রতিষ্ঠানকে যেভাবে বাংলাদেশে কাজ করার সুযোগ দেওয়া হয়েছিল, ভবিষ্যতে সে ধরনের পরিস্থিতি থাকবে না বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, এখন থেকে সবকিছু স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পারস্পরিক আলোচনার মাধ্যমে করা হবে।
 

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, বিমসটেকের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত আমন্ত্রণ জানিয়েছে। এর পাশাপাশি ভারতের পক্ষ থেকে পৃথক আমন্ত্রণও জানানো হয়েছে। প্রধানমন্ত্রী যেকোনো সময় ভারত সফর করতে পারেন।
 

প্রেস ব্রিফিংয়ে ক্রিকেটার সাকিব আল হাসান প্রসঙ্গেও কথা বলেন জাহেদ উর রহমান। তিনি বলেন, সাকিব আল হাসান একজন ভালো খেলোয়াড় হতে পারেন, তবে ব্যক্তি হিসেবে তিনি ‘নষ্ট, পচে যাওয়া মানুষ’।
 

তবে সাকিব আল হাসান দেশে ফিরতে চাইলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, দেশে ফিরলে তাকে আদালতের মুখোমুখি হতে হবে এবং তিনি তার সব ধরনের আইনি অধিকার পাবেন।
 

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, তিনিও দেশে ফিরলে পূর্ণাঙ্গ নিরাপত্তা পাবেন। তার ভাষায়, ‘সবচেয়ে বীভৎস মানুষটাও তার নাগরিক অধিকার পাবে।’
 

তিনি বলেন, দেশে ফেরার পর প্রত্যেক নাগরিকই আইনের আশ্রয় ও বিচারিক প্রক্রিয়ার অধিকার পাবেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬