|
প্রিন্টের সময়কালঃ ১৫ এপ্রিল ২০২৬ ০২:০২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ এপ্রিল ২০২৬ ১১:০৮ পূর্বাহ্ণ

রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, ভরি কত


রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, ভরি কত


দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে দেশের ইতিহাসে এই প্রথম ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫০ হাজার টাকা ছাড়িয়ে গেল। বুধবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস এই নতুন মূল্যতালিকা প্রকাশ করেছে, যা আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, এখন থেকে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ কিনতে গ্রাহকদের গুনতে হবে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা এবং ১৮ ক্যারেট ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকায়। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় তারা এই দাম সমন্বয় করেছে।

চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৫৫ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৩ বার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত ৯ এপ্রিল স্বর্ণের দাম কিছুটা কমানো হলেও মাত্র কয়েকদিনের ব্যবধানে আবারও বড় অংকে দাম বাড়িয়ে দেওয়া হলো। মূলত আন্তর্জাতিক বাজার ও স্থানীয় সরবরাহের ওপর ভিত্তি করেই নিয়মিত এই মূল্য পরিবর্তন করা হচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬