সীতাকুণ্ডে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:
মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চট্টগ্রামের সীতাকুণ্ডে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় সীতাকুণ্ড মডেল থানা ও সীতাকুণ্ড সদর বাজার দোকান মালিক সমিতির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। র্যালিটি সীতাকুণ্ড মডেল থানার সামনে থেকে শুরু হয়ে পৌরসভা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় থানার সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সীতাকুণ্ড সদর বাজার দোকান মালিক সমিতির সভাপতি মো. নাসির উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ওসি (তদন্ত) মো. আলমগীর, বাজার কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ছালামত উল্লাহ, সিকিউর সিটি শপিং সেন্টারের পরিচালক আকতার হোসেন এবং মার্কেটিং অফিসার ও জামায়াত নেতা আবুল হোসেন।
এ ছাড়া সদর বাজারের ব্যবসায়ী প্রতিনিধি দেলোয়ার হোসেন, নুর মোহাম্মদ, মো. আলাউদ্দিন, নুর উদ্দিন, জাহাঙ্গীর আলম, শ্রীধাম, জসিম উদ্দিন, আবির হোসেন ও মোহনলালসহ বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে সীতাকুণ্ড মডেল থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরাও অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. মহিনুল ইসলাম বলেন, মাদক সমাজ ও প্রাণঘাতী একটি ব্যাধি, যা তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। অল্প কয়েকজন মাদক ব্যবসা করে বিপুল অর্থ উপার্জন করলেও এর ক্ষতিকর প্রভাব পড়ে পুরো সমাজ, মাদকসেবী ও তাদের পরিবারের ওপর।
তিনি বলেন, মাদকের কারণে অনেক পরিবারে মা-বাবা নির্যাতন ও লাঞ্ছনার শিকার হচ্ছেন। পাশাপাশি ছিনতাই, চুরি, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধও বাড়ছে। বিশেষ করে স্কুল-কলেজের ছাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পেছনেও মাদকের প্রভাব রয়েছে। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
সীতাকুণ্ড সদর বাজার দোকান মালিক সমিতির সভাপতি মো. নাসির উদ্দিন ভূঁইয়া বলেন, সমাজ থেকে মাদককে চিরতরে নির্মূল করতে হবে। তা না হলে ভবিষ্যতে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলও কঠিন হয়ে পড়বে।
তিনি মাদক নির্মূলে সবাইকে নিজ নিজ পরিবার ও এলাকায় সচেতনতা তৈরির পাশাপাশি সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬