|
প্রিন্টের সময়কালঃ ২৯ নভেম্বর ২০২৬ ০৪:৫০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ নভেম্বর ২০২৬ ০৭:৩৩ অপরাহ্ণ

শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই: জাহেদ উর রহমান


শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই: জাহেদ উর রহমান


গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
 

শনিবার দুপুরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে বিপ্লবের শহীদদের স্মৃতিচিহ্ন নিয়ে আয়োজিত এক প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
 

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘উনি (শেখ হাসিনা) আসবেন না, কোনো সম্ভাবনাই নেই। কিন্তু উনি ও তাঁর দল আওয়ামী লীগ বাংলাদেশে কী পরিমাণ বিপর্যয় চালিয়ে গেছে, জুলাই স্মৃতি জাদুঘরের এ ধরনের প্রদর্শনীর মাধ্যমে আমরা সেই স্মৃতি সজীব ও সতেজ রাখতে চাই।’
 

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা তো বটেই, এই দলেরও জনগণের মন থেকে কবর হোক—গায়ের জোরে কিছু নয়, জনগণ যেন তাদের প্রত্যাখ্যান করে। আমরা এ ধরনের চেষ্টা চালিয়ে যাব।’
 

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতিচিহ্ন সংরক্ষণের বিষয়ে উপদেষ্টা বলেন, শহীদদের প্রত্যেক পরিবারের কষ্ট ও হাহাকার একই রকম। কোনো পরিবারে সন্তান একমাত্র হোক কিংবা একাধিক সন্তানের মধ্যে একজন—সন্তান হারানোর বেদনা কোনোভাবেই পরিমাপ করা সম্ভব নয়। রাষ্ট্র প্রত্যেক শহীদকে সমান গুরুত্ব ও মর্যাদায় দেখতে চায়।
 

তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ও স্মারক সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। জাদুঘরের মহাপরিচালকের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ইতোমধ্যে প্রায় ১ হাজার ৮০০টি স্মারক সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া আরও যেসব স্মৃতিচিহ্ন সংগ্রহ করা সম্ভব, সেগুলোও সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে।
 

উপদেষ্টা বলেন, শহীদদের স্মৃতিচিহ্ন প্রদর্শনের জন্য জাদুঘরে সর্বোচ্চ দুটি নির্দিষ্ট কক্ষ রাখার পরিকল্পনা রয়েছে। সেখানে ১৫ দিন কিংবা এক মাস পরপর বিভিন্ন শহীদের স্মারক প্রদর্শন করা হবে। পর্যায়ক্রমে সব শহীদের স্মৃতিচিহ্ন প্রদর্শনের ব্যবস্থা করা হবে, যাতে প্রত্যেক শহীদের স্মৃতি দর্শনার্থীদের সামনে তুলে ধরা যায়।
 

এ সময় তিনি আরও জানান, দর্শনার্থীদের জন্য শহীদদের স্মৃতি সংরক্ষণ ও প্রদর্শনের পরিসর বাড়াতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সম্প্রসারণের উদ্যোগও নেওয়া হচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬