|
প্রিন্টের সময়কালঃ ২৫ নভেম্বর ২০২৬ ০৭:৫৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ নভেম্বর ২০২৬ ০৪:৫২ অপরাহ্ণ

আইসিইউতে বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ, শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ


আইসিইউতে বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ, শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ


বিনোদন প্রতিবেদক

 

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত তিন দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে এই গুণী শিল্পীকে।
 

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা সুজাত শিমুল। তিনি সমকালকে জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত পাঁচ-ছয় দিন ধরে অসুস্থ রয়েছেন মামুনুর রশীদ। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। আজ সন্ধ্যায় চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাবেন।
 

এর আগেও গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছিল মামুনুর রশীদকে। ২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে উড়োজাহাজে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সেখানে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া এবং রক্তে সংক্রমণ ধরা পড়ে। ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে ২০২৬ সালের ১৪ জানুয়ারি দেশে ফেরেন এই অভিনেতা। এরপর আবারও অভিনয়ে ফেরেন তিনি।
 

বাংলাদেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র—তিন মাধ্যমেই পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করে আসছেন মামুনুর রশীদ। অভিনয়ের পাশাপাশি নাট্যকার ও নির্দেশক হিসেবেও তিনি অর্জন করেছেন বিশেষ খ্যাতি। দেশের নাট্যাঙ্গনে তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৭২ সালে তাঁর উদ্যোগেই প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম নাট্যসংগঠন ‘আরণ্যক নাট্যদল’।
 

১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভবনদত্ত গ্রামে জন্মগ্রহণ করেন মামুনুর রশীদ। তাঁর বাবা হারুনুর রশীদ এবং মা রোকেয়া খানম। শৈশব থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন তিনি। স্কুলজীবনে নাটকে অভিনয়ের মধ্য দিয়ে শুরু হয় তাঁর সাংস্কৃতিক অঙ্গনে পথচলা। পরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নকালে নাট্যচর্চায় আরও নিবিড়ভাবে যুক্ত হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
 

ষাটের দশকেই টেলিভিশনের জন্য নাটক লেখা শুরু করেন তিনি। তাঁর লেখা প্রথম টেলিভিশন নাটক ‘চেনামুখ’। স্বাধীনতার পর দেশের নাট্যচর্চাকে সমৃদ্ধ করতে প্রতিষ্ঠা করেন ‘আরণ্যক নাট্যদল’। দলটির উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে ‘ওরা কদম আলী’, ‘ইবলিশ’, ‘সংক্রান্তি’, ‘রাঢ়াং’ ও ‘চে’র সাইকেল’।
 

মঞ্চ ও টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও নিজের অভিনয়প্রতিভার স্বাক্ষর রেখেছেন মামুনুর রশীদ। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মনপুরা’, ‘মৃত্তিকা মায়া’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘শঙ্খচিল’, ‘ভুবন মাঝি’, ‘পাপ পুণ্য’, ‘পাতালঘর’ ও ‘বরবাদ’। ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
 

দেশের সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিনের অবদানের জন্য বিশেষভাবে সমাদৃত এই অভিনেতার অসুস্থতার খবরে উদ্বেগ তৈরি হয়েছে ভক্ত, সহকর্মী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন সবাই।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬