সালমান এফ রহমানের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের শুনানি ২৬ অক্টোবর
জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের বিষয়ে বার কাউন্সিলকে নির্দেশনা দেওয়ার আবেদনের শুনানি আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর দুই সদস্যের বেঞ্চ এ দিন ধার্য করেন। বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ শুনানি অনুষ্ঠিত হবে।
শুনানিতে প্রসিকিউশনের পক্ষে সময় চান প্রসিকিউটর মিজানুল ইসলাম। তিনি জানান, বিদেশি আইনজীবী নিয়োগের বিষয়ে বার কাউন্সিলকে নির্দেশনা চেয়ে করা আবেদনটি গুরুত্বপূর্ণ। এ বিষয়ে শুনানির সময় চিফ প্রসিকিউটরের উপস্থিতি প্রয়োজন। তিনি বর্তমানে ছুটিতে থাকায় অক্টোবরের শেষ দিকে শুনানির তারিখ নির্ধারণের অনুরোধ জানান।
অন্যদিকে সালমান এফ রহমানের পক্ষে সিনিয়র আইনজীবী মুনসুরুল হক চৌধুরীসহ অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন। তিনি বলেন, আবেদনটি পুরোনো এবং এ বিষয়ে ট্রাইব্যুনাল এরই মধ্যে একটি আদেশ দিয়েছেন। তবে বিচার চলমান থাকায় বিদেশি আইনজীবীর উপস্থিতি প্রয়োজন।
উভয় পক্ষের বক্তব্য শুনে ট্রাইব্যুনাল ২৬ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
সালমান এফ রহমানের পক্ষে ট্রাইব্যুনালে আইনি লড়াই করতে গত ১৪ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেন লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের কাউন্সেল গ্রায়েম এল হল। ২৪ আগস্ট আবেদনটি গ্রহণ করে বার কাউন্সিল।
এর আগে ২০২৫ সালের ১০ ডিসেম্বর বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে ট্রাইব্যুনাল-১-এ আবেদন করেন মুনসুরুল হক চৌধুরী। মামলায় সালমান এফ রহমানের পাশাপাশি সাবেক আইনমন্ত্রী আনিসুল হকও আসামি। তাদের বিরুদ্ধে ইতোমধ্যে ১২ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
চলতি বছরের ১২ জানুয়ারি সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬