প্রশ্নপত্র ফাঁসের তদন্তে পাঁচ সদস্যের কমিটি, প্রতিবেদন দিতে হবে ৩ কার্যদিবসে
যুব উন্নয়ন অধিদপ্তরের ১১তম গ্রেডের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা বাতিল করেছে সরকার। শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকা পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব-১ শাখা থেকে এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়।
অফিস আদেশ অনুযায়ী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ)কে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (ফিন্যান্স অ্যান্ড পারফরম্যান্স ম্যানেজমেন্ট অধিশাখা), জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি এবং যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (সিড ফাইন্যান্সিং)। মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন অধিশাখা) সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।
আদেশে বলা হয়, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে। এ পরিপ্রেক্ষিতে পরীক্ষা বাতিলের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটিকে নিয়োগ পরীক্ষা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট কমিটির সদস্য, প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ ও বিতরণের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী এবং এ কাজে যুক্ত অভ্যন্তরীণ ও বহিরাগত সহায়তাকারীদের জবানবন্দি নিতে বলা হয়েছে। একই সঙ্গে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টতা খুঁজে বের করতে হবে।
তদন্ত শেষে আগামী তিন কার্যদিবসের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিতে হবে। প্রয়োজন হলে তদন্তের স্বার্থে কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগও রাখা হয়েছে।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পরীক্ষা বাতিলের পাশাপাশি দায়ীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি এখন তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর নির্ভর করছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬