চট্টগ্রামের পটিয়ায় শ্রীমাই খালে ১৩৩ কোটি টাকার হাইড্রোলিক এলিভেটর ড্যাম প্রকল্পের কাজ উদ্বোধন
দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলার শ্রীমাই খালে প্রায় ১৩৩ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে আধুনিক মাল্টিপারপাস হাইড্রোলিক এলিভেটর ড্যাম (HED) নির্মাণ প্রকল্পের কাজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে বাস্তবায়নাধীন এ প্রকল্পের উদ্বোধন করেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এনামুল হক এনাম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর পটিয়া উপ-বিভাগীয় প্রকৌশলী প্রশান্ত তালুকদার, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, ঠিকাদারি প্রতিষ্ঠান বাংলা মার্কের প্রতিনিধি সিরাজুল ইসলাম, পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক, সাবেক চেয়ারম্যান মফজল আহমদ চৌধুরী, আজমল হোসেন জামাল, মোরশেদুল শফি, মইনুল আলম ছোটন, মো. ইসহাক ও এস এম নয়নসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি এনামুল হক এনাম বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে পটিয়ার কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে। তিনি কাজের গুণগত মান নিশ্চিত করে শতভাগ স্বচ্ছতার সঙ্গে প্রকল্প সম্পন্ন করার আহ্বান জানান এবং কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলে সতর্ক করেন।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, শ্রীমাই খালের ওপর নির্মিতব্য এই ড্যামটি বাংলাদেশের অন্যতম আধুনিক হাইড্রোলিক এলিভেটর ড্যাম প্রকল্পগুলোর একটি। ৮৪ মিটার দৈর্ঘ্যের এই ড্যামটি রাবার ড্যামের মতো কাজ করলেও প্রযুক্তিগত দিক থেকে আরও উন্নত।
প্রকল্পের মাধ্যমে বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে সেচ কাজে ব্যবহার করা সম্ভব হবে। এতে পটিয়ার হাইদগাঁও, খরনা, কচুয়াই, ভাটিখাইন ও ছনহরাসহ কয়েকটি ইউনিয়নের প্রায় ১১০৮ হেক্টর কৃষিজমি সেচ সুবিধার আওতায় আসবে।
এছাড়া প্রকল্পের আওতায় ৪.৪ কিলোমিটার নদী তীর প্রতিরক্ষা কাজও বাস্তবায়ন করা হবে, যা বন্যা ও ভাঙন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে শত শত বসতঘর নদীভাঙনের ঝুঁকি থেকে রক্ষা পাবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬