২২ বছর পর আবারও প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ২২ বছর পর আবারও ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল। মঙ্গলবার রাতে ম্যানচেস্টার সিটি বর্নমাউথকে হারাতে না পারায় মৌসুম শেষ হওয়ার আগেই চ্যাম্পিয়ন নিশ্চিত হয় উত্তর লন্ডনের ক্লাবটি।
শিরোপার আশা বাঁচিয়ে রাখতে সিটির জয়ের বিকল্প ছিল না। কিন্তু ম্যাচের ৩৯ মিনিটে জুনিয়র ক্রুপির গোলে পিছিয়ে পড়ে তারা। পরে অতিরিক্ত সময়ে আর্লিং হালান্ড সমতা ফেরালেও জয় এনে দেওয়ার মতো আর কোনো গোল করতে পারেনি পেপ গার্দিওলার দল।
ম্যাচ শেষ হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন আর্সেনাল সমর্থকেরা। এমিরেটস স্টেডিয়ামের বাইরে শুরু হয় আনন্দ উদ্যাপন। সামাজিক যোগাযোগমাধ্যমেও উৎসবের আমেজ ছড়িয়ে দেন খেলোয়াড়রা। মিডফিল্ডার ডেক্লান রাইস সতীর্থদের সঙ্গে ছবি প্রকাশ করে লেখেন, “কাজ শেষ।”
এটি আর্সেনালের ইতিহাসে ১৪তম ইংলিশ লিগ শিরোপা। এর আগে সর্বশেষ ২০০৩-০৪ মৌসুমে আর্সেন ওয়েঙ্গারের অধীনে অপরাজিত থেকে লিগ জিতেছিল দলটি। সেই দলটি ‘ইনভিন্সিবলস’ নামে পরিচিত।
২০১৯ সালে কোচ হিসেবে দায়িত্ব নেওয়া মিকেল আর্তেতা অবশেষে দলকে শিরোপা এনে দিতে সক্ষম হলেন। এর আগে টানা কয়েক মৌসুম খুব কাছে গিয়েও ব্যর্থ হতে হয়েছিল আর্সেনালকে।
দলের এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে শক্তিশালী রক্ষণভাগ। ৩৭ ম্যাচে মাত্র ২৬ গোল হজম করেছে তারা, যা লিগে সর্বনিম্ন। পাশাপাশি সেট পিস থেকেও এসেছে অনেক গুরুত্বপূর্ণ গোল।
প্রিমিয়ার লিগ জয়ের পাশাপাশি এবার উয়েফা চ্যাম্পিয়নস লিগেও ইতিহাস গড়ার সুযোগ রয়েছে আর্সেনালের সামনে। আগামী ৩০ মে ফাইনালে তাদের প্রতিপক্ষ ফরাসি ক্লাব পিএসজি। সেই ম্যাচ জিততে পারলে প্রথমবারের মতো ইউরোপ সেরার মুকুটও উঠবে আর্সেনালের মাথায়।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬