মুরাদনগরে ন্যায্য মূল্যে পণ্য বিতরণ, উপকৃত শতাধিক পরিবার
ডেস্ক নিউজ, ঢাকা প্রেস

কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের নহল চৌমুহনী এলাকায় নিম্ন ও মধ্যবিত্ত মানুষের মাঝে ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে। ধামঘর ইউনিয়ন ছাত্রদলের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক পরিবার উপকৃত হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

শনিবার সকালে অনুষ্ঠিত এ কার্যক্রমকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান দামের কারণে সাধারণ মানুষের ভোগান্তি লাঘবের উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। সকাল থেকেই নির্ধারিত স্থানে ক্রেতাদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। সুশৃঙ্খল পরিবেশে চাল, ডাল, তেল, পেঁয়াজসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, প্রায় ৮০০ টাকার বাজারমূল্যের পণ্য মাত্র ৫৫০ টাকায় বিক্রি করা হয়েছে। পণ্যের তালিকায় ছিল ১ লিটার সয়াবিন তেল, ৫ কেজি আটা, একটি বড় ফ্যামিলি প্যাক নুডলস, দুই প্যাকেট সেমাই এবং ১ কেজি ডিটারজেন্ট পাউডার। বাজারদরের তুলনায় কম মূল্যে এসব পণ্য পেয়ে সন্তোষ প্রকাশ করেন সাধারণ মানুষ।

পণ্য বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, ধামঘর ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার উদ্দিন বেলাল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান ছিটন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফাহাদ হাসান এবং সদস্য আনোয়ার হোসেনসহ ধামঘর ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ কঠিন সময় পার করছেন। সেই বিষয়টি বিবেচনায় রেখে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
স্থানীয় বাসিন্দারা জানান, বাজারের তুলনায় কম দামে প্রয়োজনীয় পণ্য কিনতে পেরে তারা স্বস্তি অনুভব করছেন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান তারা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬