|
প্রিন্টের সময়কালঃ ২৫ মার্চ ২০২৬ ০৪:৪৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ মার্চ ২০২৬ ১২:২২ অপরাহ্ণ

মেজর জিয়ার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি


মেজর জিয়ার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি


নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:

 

 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, তৎকালীন মেজর জিয়াউর রহমান-এর স্বাধীনতার ঘোষণা বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে তোলে এবং সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সাহস জোগায়।

 

মঙ্গলবার (২৫ মার্চ) গণহত্যা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

 

রাষ্ট্রপতি বলেন, ২৫ মার্চ বাংলাদেশের জাতীয় জীবনের অন্যতম নৃশংস ও বেদনাবিধুর অধ্যায়। ১৯৭১ সালের এই কালরাতে পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির ওপর নির্মম হত্যাযজ্ঞ চালায়, এতে পুরো জাতি স্তব্ধ ও বাকরুদ্ধ হয়ে পড়ে।

 

তিনি উল্লেখ করেন, ওই রাতেই চট্টগ্রামে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা গণহত্যার বিরুদ্ধে বিদ্রোহ ও সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরবর্তীতে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ ও সাহসী করে তোলে এবং মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে। এর মধ্য দিয়েই শুরু হয় রক্তক্ষয়ী বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যা দীর্ঘ ৯ মাস পর লাখো শহীদের আত্মত্যাগে বিজয়ে পরিণত হয়।

 

রাষ্ট্রপতি আরও বলেন, ওই ভয়াল রাতে রাজারবাগ পুলিশ লাইনস, তৎকালীন ইপিআর সদর দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-শিক্ষক, বুদ্ধিজীবী, শ্রমিক এবং অসংখ্য নিরীহ মানুষ নির্মম গণহত্যার শিকার হন। তিনি এ দিনে সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬