|
প্রিন্টের সময়কালঃ ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ মে ২০২৩ ১২:০৮ অপরাহ্ণ

পরীক্ষাকেন্দ্রে সিলিং ফ্যান খুলে ৩ পরীক্ষার্থী আহত


পরীক্ষাকেন্দ্রে সিলিং ফ্যান খুলে ৩ পরীক্ষার্থী আহত


সিরাজগঞ্জে দাখিল পরীক্ষার হলে চলন্ত সিলিং ফ্যান খুলে পড়ে তিন পরীক্ষার্থী আহত হয়েছে। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। আহত তিন পরীক্ষার্থী সদর উপজেলার চিলগাছা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী।

আজ রোববার সকাল ৯টা ৪০ মিনিটে শহরের হাজি আহমাদ আলী আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে।

 

জানা যায়, আজ ছিল সাধারণ গণিত পরীক্ষা। পরীক্ষার্থীরা যথাসময়ে কেন্দ্রে প্রবেশ করে। পরীক্ষা শুরু হওয়ার প্রায় ২০ মিনিট আগেই ৯টা ৪০ মিনিটের দিকে শ্রেণিকক্ষের একটা সিলিং ফ্যান চলতে চলতে হঠাৎ খুলে পড়ে। এতে ফ্যানের নিচে থাকা তিন পরীক্ষার্থী আহত হয়। পরে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার এসে তাদের প্রাথমিক চিকিৎসা দেন। পরে তারা পরীক্ষায় অংশ নেয়।

 

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্র সচিব অধ্যক্ষ দুলাল হোসেন বলেন, পরীক্ষা শুরু হওয়ার ২০ মিনিট আগেই পরীক্ষাকেন্দ্রের ৬ নম্বর কক্ষের একটি সিলিং ফ্যান চলতে চলতে হঠাৎ খুলে পড়ে। এতে তিন শিক্ষার্থী আহত হয়। তাদের অবস্থা গুরুতর নয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পরীক্ষা নেওয়া হয়।

 

হাজী আহমাদ আলী আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোনয়েম বলেন, সিলিং ফ্যানটি তিন বছর আগে লাগানো হয়। আজ চলতে চলতে হঠাৎ ফ্যানের ভিতরের প্যাচ খুলে পড়ে যায়। এতে তিন শিক্ষার্থীর শরীরে আঘাত লাগলেও তা গুরুতর নয়।

 

সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল টিমের দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এস এম মনিরুজ্জামান বলেন, সিলিং ফ্যান খুলে তিন শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে মধ্যে একজনের মাথায়, একজনের ডান হাতে ও একজনের গালে লেগেছে। তারা প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর পরীক্ষা দিয়েছে।

 

এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্লাহ বলেন, ‘বিষয়টি আমি জানার পর ঘটনাস্থলে লোক পাঠিয়েছিলাম। তিন পরীক্ষার্থী আহত হয়েছে তবে তারা ভালো আছে। আঘাত গুরুতর নয়।’


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬