কাশিয়াইশ শাপলা সংঘের শারদীয় দুর্গোৎসব সম্পন্ন, সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম :
দক্ষিণ চট্টগ্রামের কাশিয়াইশ শাপলা সংঘের উদ্যোগে আয়োজিত শারদীয় দুর্গোৎসব-২০২৬ ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। পূজার সার্বিক আয়োজন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সব মহল, ভক্তবৃন্দ, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি।
সংগঠনের সভাপতি বাবু সন্তোষ নন্দী ও সাধারণ সম্পাদক বাবু সঞ্জীব কর (সবু)-এর সার্বিক তত্ত্বাবধানে এবং পূজা উদযাপন কমিটির সমন্বয়ক বাবু শংকর সেনের পরিচালনায় কাশিয়াইশবাসীর জন্য একটি সুন্দর, সুশৃঙ্খল ও আনন্দঘন পূজার আয়োজন করা হয়।
ধর্মীয় রীতিনীতি ও শাস্ত্রীয় আচার-অনুষ্ঠান অনুসরণ করে পূজার পৌরোহিত্য করেন শিবির চক্রবর্তী। তন্ত্রধারক হিসেবে দায়িত্ব পালন করেন ডা. আশীষ চৌধুরী।
ষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনে মুখর ছিল শাপলা সংঘের পূজামণ্ডপ প্রাঙ্গণ। মহানবমীতে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে বাড়তি আনন্দ ও উৎসবের আমেজ ছড়িয়ে দেয়। এদিন হাজারো ভক্তের মধ্যে অন্নপ্রসাদ বিতরণ করা হয়।
বিজয়া দশমীতে দেবী দুর্গার চরণে অঞ্জলি নিবেদন এবং প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
আয়োজকরা জানান, সবার আন্তরিক সহযোগিতা, অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার কারণেই এবারের দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করা সম্ভব হয়েছে। এ জন্য কাশিয়াইশ শাপলা সংঘের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬