|
প্রিন্টের সময়কালঃ ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০২:০৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ জুন ২০২৬ ০৫:৫৮ অপরাহ্ণ

শ্রমবাজার নিয়ে বাংলাদেশকে সুখবর দিল মালয়েশিয়া


শ্রমবাজার নিয়ে বাংলাদেশকে সুখবর দিল মালয়েশিয়া


বাংলাদেশ থেকে নতুন করে কর্মী নেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে মালয়েশিয়া। একইসঙ্গে দেশটিতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধতার বিষয়েও আশ্বাস দিয়েছে কুয়ালালামপুর। মালয়েশিয়া ও চীন সফর শেষে এসব তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

 

শনিবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে শ্রমবাজারসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সেখানে নতুন করে বাংলাদেশি কর্মী নিয়োগ এবং বর্তমানে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের বৈধতার বিষয়ে ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে।

 

পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে রোহিঙ্গা সংকটও গুরুত্ব পেয়েছে। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে মালয়েশিয়া। পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানে বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রচেষ্টায়ও সমর্থন দেওয়ার কথা জানিয়েছে দেশটি।

 

মালয়েশিয়ার সঙ্গে বর্তমান সম্পর্কের ঘনিষ্ঠতার বিষয়টি উল্লেখ করে খলিলুর রহমান বলেন, দুই দেশের সম্পর্ক এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যার প্রতিফলন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের শেয়ার করা ‘মহাজাদু’ গানেও ফুটে উঠেছে।

 

চীন সফরের বিষয়ে তিনি জানান, তিস্তা প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দিয়েছে বেইজিং। এ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) দ্রুত এগিয়ে নিতে বাংলাদেশ ও চীন একমত হয়েছে।

 

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এবারের সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-চীন সম্পর্ক আগের যেকোনো সময়ের তুলনায় আরও ঘনিষ্ঠ ও সর্বোচ্চ বন্ধুত্বপূর্ণ পর্যায়ে উন্নীত হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬