ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২২, দায়ের ৮৯ মামলা
ঢাকা প্রেস প্রতিবেদক
রাজধানীতে নিয়মিত অপরাধবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানের সময় বিভিন্ন ধরনের মাদক, অস্ত্র ও অপরাধে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় মোট ৮৯টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে রমনা বিভাগ থেকে ৪৪ জন, লালবাগ বিভাগ থেকে ১৯ জন, ওয়ারী বিভাগ থেকে ৫৫ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৩ জন, তেজগাঁও বিভাগ থেকে ৮২ জন, মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ৯৬ জন, গুলশান বিভাগ থেকে ৩৪ জন, উত্তরা বিভাগ থেকে ৪৪ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় গ্রেপ্তারদের কাছ থেকে এক কেজি ৩৫৫ গ্রাম গাঁজা, ১০ হাজার ৫২৪ পিস ইয়াবা, ৫৩ গ্রাম হেরোইন, একটি শর্টগান, একটি ছুরি, একটি রড, একটি স্ক্রু ড্রাইভার, একটি হেক্সো ব্লেড, একটি ল্যাপটপ, একটি এসএসডি, ১৫টি মোবাইল ফোন, ১৬০টি সিমকার্ড, একটি প্রাইভেটকার, একটি ট্রাক, একটি স্কুলব্যাগ এবং নগদ ২ হাজার ৮৮০ টাকা উদ্ধার করা হয়েছে।
এর আগে মঙ্গলবার ডিএমপি জানায়, রাজধানীতে পৃথক অভিযানে ১২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা থেকে ৬১ জন এবং পুলিশের অন্যান্য ইউনিট থেকে ৬৮ জনকে আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে চারজন চাঁদাবাজ, ৩৪ জন সন্ত্রাসী, দস্যু, ছিনতাই ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত এবং ৩০ জন মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছিল পুলিশ।
এদিকে, জুন মাসজুড়ে রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে মোট ২ হাজার ৩১৪ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। তাদের মধ্যে ৭১ জন তালিকাবহির্ভূত চাঁদাবাজ, ৭৯৭ জন সন্ত্রাসী, দস্যু, ছিনতাই ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত এবং ১ হাজার ৪৪৬ জন মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে সংস্থাটি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬