|
প্রিন্টের সময়কালঃ ২০ আগu ২০২৬ ০৫:৩২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ আগu ২০২৬ ০৩:০২ অপরাহ্ণ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা


রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা


নিজস্ব প্রতিবেদক

 

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতির দায়িত্ব পালনরত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে ভোট দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
 

বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচনের নির্বাচনি কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
 

এবার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে রয়েছেন অলি আহমদ। অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় তিনি ভোট দিতে পারছেন না।
 

ভোট গ্রহণ শুরুর আগে সংসদ সদস্যদের ভোট দেওয়ার নিয়ম ও প্রক্রিয়া জানিয়ে দেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। এ উপলক্ষে জাতীয় সংসদে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভার সদস্য, রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
 

সিইসি রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্রার্থী এবং তাঁদের প্রস্তাবক ও সমর্থকদের নাম ঘোষণা করেন। এরপর সংসদ সদস্যদের ব্যালট গ্রহণ, ব্যালটে স্বাক্ষর এবং ভোট দেওয়ার পদ্ধতি বিস্তারিত তুলে ধরেন।
 

যেভাবে ভোট দিচ্ছেন সংসদ সদস্যরা

সংসদের নিয়মিত অধিবেশন চলমান না থাকায় রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদ সদস্যদের নিয়ে বিশেষ বৈঠক ডাকা হয়েছে। সদস্যরা নিজ নিজ আসনে বসে ভোট দিচ্ছেন।
 

প্রথমে ব্যালট পেপারের মুড়ি অংশে নিজের পূর্ণ নাম লিখে স্বাক্ষর করে ব্যালট গ্রহণ করছেন সংসদ সদস্যরা। এরপর মূল ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে নির্ধারিত স্থানে নিজের পূর্ণ নাম লিখে স্বাক্ষর করছেন। পরে ব্যালটটি নির্ধারিত ব্যালট বাক্সে জমা দিচ্ছেন।
 

সিইসি জানিয়েছেন, বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই ব্যালট গণনা শুরু হবে।
 

রাষ্ট্রপতির দায়িত্ব পালনরত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদ সদস্য হিসেবে এ নির্বাচনের ভোটার। তাঁদের ভোট দেওয়ার জন্য সংসদ কক্ষে আলাদা আসনের ব্যবস্থা করা হয়েছে।
 

এদিকে বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সংসদ সদস্য হওয়ায় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তবে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের দিন তাঁর সংসদীয় আসন শূন্য হবে।
 

১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ওই বছরই সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর টানা সাতজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে দীর্ঘ বিরতির পর এবার দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬