শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচলে বিঘ্ন
ঢাকা প্রেস প্রতিবেদ
রাজধানীতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবমাননাকর মন্তব্য করা হয়েছে—এমন অভিযোগ তুলে মঙ্গলবার (১৪ জুলাই) পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা এ কর্মসূচি পালন করেন।
মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় ও উত্তরার বিএনএস সেন্টার এলাকায় শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারী শিক্ষার্থীদের দাবি, দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতিতে অনেক পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতেও পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য কষ্টকর। পাশাপাশি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধনের অভিযোগ তুলে তারা এর প্রতিবাদ জানান এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর সায়েন্সল্যাব ও উত্তরা এলাকায় কর্মসূচি চললেও অন্য কোনো স্থানে একই ধরনের অবরোধ কর্মসূচির খবর পাওয়া যায়নি।
এদিকে, শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে সায়েন্সল্যাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য ইউনিটের সদস্যদেরও সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬