|
প্রিন্টের সময়কালঃ ৩০ মার্চ ২০২৬ ০৭:১১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ মার্চ ২০২৬ ০৪:১৫ অপরাহ্ণ

নকলমুক্ত পরিবেশে দাখিল পরীক্ষা আয়োজনে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের বিশেষ নির্দেশনা


নকলমুক্ত পরিবেশে দাখিল পরীক্ষা আয়োজনে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের বিশেষ নির্দেশনা


আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া চলতি বছরের মাদরাসার দাখিল পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

 

আজ সোমবার অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।

 

নির্দেশনায় সরকারের ‘শূন্য সহনশীলতা’ (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করেছে। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সকল কেন্দ্রসচিবসহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনাসমূহ আবশ্যিকভাবে পালনের অনুরোধ জানানো হয় ।

 

নির্দেশনায় বলা হয়েছে, দাখিল পরীক্ষার প্রতিটি কেন্দ্রে এবং প্রতিটি পরীক্ষা কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে। যেসব কেন্দ্রে ক্যামেরা অচল রয়েছে, পরীক্ষা শুরুর আগেই সেগুলো সচল করার ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ধারণকৃত ভিডিও ফুটেজ যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। এছাড়া প্রতিটি কক্ষে এনালগ (কাটাওয়ালা) ঘড়ি টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে।

 

নিরাপত্তার বিষয়ে আদেশে বলা হয়েছে, স্থানীয় প্রশাসনের সাথে পরামর্শ করে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন নিশ্চিত করতে হবে। কেন্দ্রসচিব ব্যতীত অন্য কোনো শিক্ষক বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

 

নির্দেশনা অনুযায়ী, পরীক্ষায় অংশগ্রহণকারী কোনো পরীক্ষার্থী যাতে কোনো উপায়েই নকল বা অসদুপায় অবলম্বন করতে না পারে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে হবে। পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে কেন্দ্রে প্রবেশের অনুমতি দিতে হবে। ছাত্রীদের ক্ষেত্রে মহিলা শিক্ষক দ্বারা তল্লাশির ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব স্বাক্ষরিত আদেশে আরও বলা হয়, পরীক্ষার পরিবেশ বজায় রাখতে কেন্দ্রের প্রধান ফটকে অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা টাঙিয়ে দিতে হবে। এছাড়া প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আলো-বাতাস ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে।

 

নির্দেশনা পালনে কোনো ধরনের অবহেলা বা গাফিলতির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবসহ দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে অধিদপ্তর।

 

উল্লেখ্য, গত ২৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা জারি করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬