বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ ১ সেপ্টেম্বর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। ১৯৭৮ সালের এই দিনে ঢাকার রমনা বটমূলে তৎকালীন রাষ্ট্রপতি ও দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন।
দলটির নেতারা বলছেন, ১৯৭৫ সালে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার পর সৃষ্ট রাজনৈতিক পরিস্থিতিতে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে দলটি স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন সময়ে রাজনৈতিক আন্দোলন করেছে।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি দলটির রাজনৈতিক দর্শন ও রাষ্ট্র পরিচালনার অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত হয়ে আসছে। তাঁর বাংলাদেশি জাতীয়তাবাদভিত্তিক রাজনৈতিক দর্শন এবং উন্নয়ন ও উৎপাদনমুখী বিভিন্ন কর্মসূচি বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে বলে দলটির নেতারা মনে করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাকে দেশের গণতন্ত্রের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করেন।
বাণীতে তারেক রহমান বলেন, মানুষের বাকস্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা ও গণতন্ত্রের অধিকার পুনঃপ্রতিষ্ঠার ধারাবাহিকতায় বিএনপির জন্ম হয়। তাঁর ভাষ্য, শহীদ জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনেন এবং নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ পুনর্বহাল করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে শহীদ জিয়াউর রহমানের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়াকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তারেক রহমান। তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দেশের বিভিন্ন পর্যায়ের মানুষের কাছে ব্যাপকভাবে সংগঠিত হয়েছে।
তারেক রহমান আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির বহু নেতাকর্মী জীবন দিয়েছেন ও আহত হয়েছেন। দলের প্রতিষ্ঠার পর থেকে এসব নেতাকর্মীর আত্মত্যাগকে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বিএনপি চেয়ারম্যানের দাবি, জনগণ যখন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তখনই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। বিভিন্ন মেয়াদে দলটির সরকারের সময় সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন, নারীশিক্ষার প্রসারসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়েছে।
সকাল ৯টায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। একই কর্মসূচিতে প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করা হবে।
আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউশন-বাংলাদেশ মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। দলের জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীরাও সভায় অংশ নেবেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশের পাশাপাশি বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিও নেওয়া হয়েছে। মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি নেতৃত্ব দেবেন।
এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশের জেলা ও মহানগর বিএনপি এবং বিভিন্ন ইউনিটের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও অন্যান্য কর্মসূচি পালিত হচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬