|
প্রিন্টের সময়কালঃ ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৫৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৩:২৪ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রে নর-ইস্টারের তাণ্ডব, বন্যা-বিদ্যুৎ বিভ্রাটে বাতিল ৪৪৫ ফ্লাইট


যুক্তরাষ্ট্রে নর-ইস্টারের তাণ্ডব, বন্যা-বিদ্যুৎ বিভ্রাটে বাতিল ৪৪৫ ফ্লাইট


রয়টার্স

 

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে শক্তিশালী সামুদ্রিক ঝড় ‘নর-ইস্টার’-এর প্রভাবে ব্যাপক বন্যা, বিদ্যুৎ বিভ্রাট ও পরিবহন বিপর্যয় দেখা দিয়েছে। ঝড়ের কারণে দেশটির বিভিন্ন বিমানবন্দরের সঙ্গে সংশ্লিষ্ট ৪৪৫টি ফ্লাইট বাতিল এবং আরও ৩ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে।
 

ওয়াশিংটন ডিসি থেকে মেইন পর্যন্ত বিস্তৃত এলাকায় সপ্তাহান্তে আঘাত হানা ঝড়টির প্রভাবে শনিবার একপর্যায়ে এক লাখের বেশি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়ে।
 

বিদ্যুৎ বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ার-আউটেজ-ডট-কমের তথ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সময় রাত ৯টা ৩৭ মিনিট পর্যন্ত কানেকটিকাট, নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস, নিউ জার্সি, রোড আইল্যান্ড ও পেনসিলভানিয়ায় ৭৩ হাজারের বেশি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।
 

এর মধ্যে নিউ ইয়র্ক ও কানেকটিকাট অঙ্গরাজ্যেই ২০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন ছিলেন। দিনের শুরুতে কানেকটিকাট, নিউ ইয়র্ক, পেনসিলভানিয়া ও নিউ জার্সি—এই চার অঙ্গরাজ্যে বিদ্যুৎহীন গ্রাহকের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যায়।
 

নিউ জার্সির উত্তরাঞ্চলের বার্গেন কাউন্টি থেকে দক্ষিণের কেপ মে কাউন্টি পর্যন্ত বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। ‘জার্সি শোর’ এলাকার কয়েকটি জনবসতি থেকে বাসিন্দাদের স্বেচ্ছায় নিরাপদ স্থানে সরে যাওয়ার ঘটনাও ঘটেছে।
 

ঝড়ের প্রভাবে সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজনও ব্যাহত হয়েছে। ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে রক ব্যান্ড এসি/ডিসির নির্ধারিত কনসার্টটি পিছিয়ে আগামী ২ অক্টোবর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিট পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে ৪৪৫টি ফ্লাইট বাতিল এবং ৩ হাজার ১৬টি ফ্লাইট বিলম্বিত হয়।
 

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, ‘নর-ইস্টার’ সোমবার পর্যন্ত মিড-আটলান্টিক ও নিউ ইংল্যান্ড অঞ্চলে উপকূলীয় বন্যা, বিপজ্জনক রিপ কারেন্ট, দমকা হাওয়া ও ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে।
 

ঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি বিবেচনায় নিউ ইয়র্ক ও নিউ জার্সির গভর্নররা শুক্রবার ঝুঁকিপূর্ণ কাউন্টিগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করেন। জরুরি অবস্থার আওতায় রয়েছে নিউ ইয়র্ক সিটিও। পাশাপাশি কানেকটিকাটের গভর্নর অঙ্গরাজ্যের জরুরি কার্যক্রম কেন্দ্র সক্রিয় করেছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬