|
প্রিন্টের সময়কালঃ ০৫ নভেম্বর ২০২৬ ০৯:৫৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ সেপ্টেম্বর ২০২৪ ১২:৪৮ অপরাহ্ণ

ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ভাই-বোন দুজনের 


ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ভাই-বোন দুজনের 


ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছোট ভাইকে বাঁচাতে পুকুরের পানিতে নামে বড় বোন, কিন্তু পানিতে ডুবে দুই ভাই-বোনেরই মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের সুজনের কুটি গ্রামে। 

 

নিহতরা হলো, সিফাত হোসেন (৬) ও রিয়া মনি (১০)। নিহতরা ওই গ্রামের রবিউল ইসলামের সন্তান। 

 

স্থানীয় বাসিন্দারা জানান, বিকালে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে যায় শিশু সিফাত। খেলাধুলার সময় হঠাৎ পুকুরের পানিতে পড়ে হাবুডুবু খেতে থাকে সে। ছোট ভাইকে পুকুরের পানিতে হাবুডুবু খেতে দেখে বড় বোন রিয়া মনি তাকে উদ্ধার করার জন্য পুকুরের পানিতে ঝাঁপিয়ে পড়ে। এ সময় ভাই বোনকে জড়িয়ে ধরলে দুজনেই পানিতে ডুবে মারা যায়। সন্তানদের বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তাদের মা। এক পর্যায়ে বাড়ির সামনের পুকুরে ছেলে সিফাতের মরদেহ ভাসতে দেখে চিৎকার শুরু করলে পরিবার ও আশপাশের লোকজন পুকুরে নেমে সিফাতের মরদেহ উদ্ধার করে। এদিকে পুকুর পাড়ে রিয়া মনির পায়ের স্যান্ডেল পড়ে থাকতে দেখে তার মরদেহও পুকুরে থাকতে পারে বলে স্থানীয় লোকজন ধারণা করেন। পরে জাল টেনে পুকুর থেকে রিয়া মনিরও মৃতদেহ উদ্ধার করা হয়। 

 

একসঙ্গে দুই সন্তানের মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

 

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নওয়াবুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬