|
প্রিন্টের সময়কালঃ ২৪ জুন ২০২৬ ০২:৩৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ জুন ২০২৬ ১২:১৯ অপরাহ্ণ

মাধবপুরে শহীদ শামীম মিয়ার নামে সড়কের নামকরণের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি


মাধবপুরে শহীদ শামীম মিয়ার নামে সড়কের নামকরণের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:



হবিগঞ্জের মাধবপুর উপজেলার জুলাই গণঅভ্যুত্থানের একমাত্র শহীদ শামীম মিয়ার স্মৃতি সংরক্ষণে তাঁর নামে একটি সড়কের নামকরণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছেন জুলাই বিপ্লবী ছাত্র-জনতার নেতৃবৃন্দ।

 

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের কার্যালয়ে এ স্মারকলিপি ও আবেদনপত্র জমা দেওয়া হয়। এ সময় মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
 

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাধবপুর উপজেলা শাখার আহ্বায়ক সিরাজুল ইসলাম তানজিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম মিয়া, সদস্য সচিব হাফেজ শামসুল আলম বাবলু, মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার প্রথম সংগঠক ও নির্বাহী সদস্য সৈয়দ মুহা. মাহদী হাসান।
 

স্মারকলিপিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে মাধবপুর উপজেলার একমাত্র শহীদ শামীম মিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গ করেছেন। তাঁর আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেশপ্রেম ও গণআন্দোলনের চেতনা পৌঁছে দিতে মাধবপুর বাজারের উপজেলা বাউন্ডারি সংলগ্ন নতুন সড়কের নাম “জুলাই শহীদ শামীম মিয়া সড়ক” রাখার দাবি জানানো হয়েছে।
 

প্রস্তাবিত সড়কটি কিবরিয়া স্কয়ার থেকে মাধবপুর পশু হাসপাতাল পর্যন্ত প্রায় ৪৫০ মিটার দীর্ঘ। আবেদনকারীদের মতে, শহীদের নামে সড়কের নামকরণ করা হলে তা শুধু শহীদ পরিবারের প্রতি সম্মান প্রদর্শনই নয়, বরং জাতীয় ইতিহাস ও আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 

স্মারকলিপিদাতারা এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬