|
প্রিন্টের সময়কালঃ ০১ অক্টোবর ২০২৬ ০২:৩২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ জুলাই ২০২৫ ১২:৩৮ অপরাহ্ণ

নির্বাচনে অস্ত্র নয়, বড় হুমকি হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা: সিইসি


নির্বাচনে অস্ত্র নয়, বড় হুমকি হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা: সিইসি


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একটি বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তার মতে, প্রযুক্তিনির্ভর এই হুমকি কখনো কখনো অস্ত্রের চেয়েও ভয়াবহ হয়ে উঠতে পারে।
 

শনিবার (২৬ জুলাই) সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি।
 

তিনি বলেন, "নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে প্রযুক্তিনির্ভর হস্তক্ষেপের ঝুঁকি রয়েছে। এ বিষয়ে কমিশন সচেতন রয়েছে এবং আগেভাগেই প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
 

সিইসি আরও জানান, নির্বাচন যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়, সে লক্ষ্যে সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হবে। তিনি বলেন, "আমরা স্বচ্ছ নির্বাচন চাই। রাতের আঁধারে নয়, দিনের আলোতেই সব কার্যক্রম পরিচালিত হবে—যাতে কোনো সন্দেহের অবকাশ না থাকে।"
 

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি আমরা জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে ব্যর্থ হই, তাহলে দেশের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠে যেতে পারে।”
 

মতবিনিময় সভায় খুলনা বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, বিভিন্ন জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি হিসেবে সভাপতিত্ব করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬