হজযাত্রীদের জন্য জরুরি সতর্ক বার্তা
হজকে কেন্দ্র করে লাখ লাখ মুসলমান ভিড় করছেন সৌদি আরবের পবিত্র নগরী মক্কায়। এ অবস্থায় বৈরী আবহাওয়া নিয়ে সতর্ক করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
শুক্রবার (২২ মে) সংস্থাটি বেশ কয়েকটি অঞ্চলে ধূলিঝড় এবং দিনের বেলায় তীব্র তাপপ্রবাহের বিষয়ে সতর্ক করেছে। খবর আরব নিউজের।
আবহাওয়া অফিস জানায়, নাজরান, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ, উত্তরাঞ্চলীয় সীমান্ত অঞ্চল, আল-জউফ ও তাবুকের কিছু অংশে ধূলিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আসির, আল-বাহা ও মক্কার কিছু অংশে বজ্রসহ ঝড় ও বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে এনসিএম।
আবহাওয়া কর্তৃপক্ষ পূর্বাভাসে জানায়, মদিনা, মক্কা এবং পবিত্র স্থানগুলোতে যাতায়াতের সড়কে দিনের বেলায় আবহাওয়া স্থিতিশীল থাকলেও তীব্র গরম থাকতে পারে। ২৫ মে থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। তাই সৌদি আরবের পবিত্র স্থানগুলোতে ভিড় করছেন হজযাত্রীরা
আবহাওয়া অফিস জানায়, মক্কায় তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস এবং মদিনায় ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে থাকবে ৪০ শতাংশ পর্যন্ত আর্দ্রতা এবং ধুলাবালি মিশ্রিত বাতাস।
সৌদি প্রেস এজেন্সির তথ্যমতে, জাতীয় আবহাওয়া কেন্দ্র হজযাত্রী ও ভ্রমণকারীদের যাত্রা শুরুর আগে নিজেদের যানবাহন প্রস্তুত করতে, নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে এবং পানিশূন্যতা এড়াতে প্রচুর পরিমাণে তরল পান করার আহ্বান জানিয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬