|
প্রিন্টের সময়কালঃ ০৮ অক্টোবর ২০২৬ ০৩:০৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ অক্টোবর ২০২৬ ০৫:৪৫ অপরাহ্ণ

নন্দনগাছী রেলওয়ে স্টেশন সংস্কারকাজের উদ্বোধন


নন্দনগাছী রেলওয়ে স্টেশন সংস্কারকাজের উদ্বোধন


মোঃ শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলওয়ে স্টেশনের সংস্কারকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ৮টায় স্টেশন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ সংস্কারকাজের উদ্বোধন করা হয়।
 

সংস্কারকাজের উদ্বোধন করেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ।
 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. জাকিরুল ইসলাম (বিকুল), জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক, চারঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার মো. আবুল কালাম আজাদ, নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান এবং রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মুকুট।
 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নন্দনগাছী রেলওয়ে স্টেশনের সংস্কারকাজ স্থানীয় যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্টেশনের অবকাঠামোগত উন্নয়নের ফলে যাত্রীদের জন্য আরও নিরাপদ, আধুনিক ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন তারা।
 

বক্তারা আরও বলেন, নন্দনগাছীর উন্নয়ন ও যোগাযোগব্যবস্থার অগ্রযাত্রায় রেলওয়ের এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্কারকাজ শেষ হলে এলাকার মানুষের রেলসেবা গ্রহণ আরও সহজ হবে। পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও সার্বিক যোগাযোগব্যবস্থায়ও এর ইতিবাচক প্রভাব পড়বে।
 

এ সময় সংস্কারকাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার পাশাপাশি নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নন্দনগাছীসহ চারঘাট উপজেলার যোগাযোগব্যবস্থার আরও উন্নয়ন ও জনসাধারণের সুযোগ-সুবিধা সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
 

স্থানীয় বাসিন্দারা নন্দনগাছী রেলওয়ে স্টেশনের সংস্কারকাজের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিনের প্রয়োজনের পরিপ্রেক্ষিতে স্টেশনটির অবকাঠামোগত উন্নয়ন এলাকার যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে।

 


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬