|
প্রিন্টের সময়কালঃ ২৩ অক্টোবর ২০২৬ ০৫:০৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ জুলাই ২০২৬ ০১:১০ অপরাহ্ণ

কুমিল্লায় জলাবদ্ধতা নিরসনে অভিযানে দুটি কালভার্ট ভেঙে দিল সিটি করপোরেশন


কুমিল্লায় জলাবদ্ধতা নিরসনে অভিযানে দুটি কালভার্ট ভেঙে দিল সিটি করপোরেশন


কুমিল্লা প্রতিনিধি:


নগরের জলাবদ্ধতা নিরসনে পানি চলাচলে প্রতিবন্ধক হিসেবে চিহ্নিত দুটি কালভার্ট ভেঙে ফেলেছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। সোমবার দিনভর শহরে নজিরবিহীন জলাবদ্ধতার পরই বড় ড্রেন ও খালের ওপর অপরিকল্পিতভাবে নির্মিত বিভিন্ন স্থাপনা অপসারণে অভিযান শুরু করে কর্তৃপক্ষ।

 

সোমবার সন্ধ্যায় কান্দি খালের নোয়াগাঁও চৌমুহনী থেকে মডার্ন হাসপাতাল পর্যন্ত এলাকায় নির্মিত দুটি বড় কালভার্ট এক্সকাভেটরের মাধ্যমে ভেঙে ফেলা হয়।
 

কুসিক সূত্র জানায়, কুমিল্লা নগরের অধিকাংশ বৃষ্টির পানি কান্দিরপাড়-মনোহরপুর-নোয়াগাঁও চৌমুহনী হয়ে প্রবাহিত কান্দি খাল দিয়ে শহরের বাইরে নিষ্কাশিত হয়। তবে দীর্ঘদিন ধরে ব্যক্তিগত ও বাণিজ্যিক প্রয়োজনে খালের ওপর বিভিন্ন ব্যক্তি মিনি কালভার্ট, কংক্রিটের সেতু এবং স্টিলের ব্রিজ নির্মাণ করায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল।
 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নোয়াগাঁও এলাকায় নির্মিত দুটি বড় কালভার্টের কারণে খালের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছিল, যা জলাবদ্ধতা সৃষ্টির অন্যতম কারণ।
 

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, “নগরবাসীকে পানিতে ডুবিয়ে রেখে কেউ ইচ্ছেমতো ব্রিজ বা কালভার্ট নির্মাণ করতে পারবে না। যেসব স্থাপনা পানি চলাচলে বাধা সৃষ্টি করছে বলে আমরা মনে করেছি, সেগুলো নিজে উপস্থিত থেকে অপসারণ করেছি। এই অভিযান অব্যাহত থাকবে।”
 

অভিযানে কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন, নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়াসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬