ঘন ঘন লোডশেডিং : জরুরি বৈঠক ডেকেছে বিটিআরসি
জ্বালানি সংকটের মধ্যে নিরবচ্ছিন্ন টেলিকম সেবা ও নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক ব্যবস্থাপনা নিশ্চিতে জ্বালানি সরবরাহ ও বিদ্যুৎ ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে আজ যৌথ সভা ডেকেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
মঙ্গলবার (২১ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিটিআরসি এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, ‘টেলিকম স্টেকহোল্ডারদের উদ্বেগ ও উৎকণ্ঠার পরিপ্রেক্ষিতে টেলিকম নেটওয়ার্ক সচল রাখতে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতের বিষয়ে ২২ এপ্রিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন, মোবাইল অপারেটর, এনটিটিএন অপারেটর, টাওয়ারকো অপারেটর এবং অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস বাংলাদেশ (এমটব)-এর সঙ্গে বিটিআরসির একটি জরুরি সভা অনুষ্ঠিত হবে। এছাড়া বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ২৩ এপ্রিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পিজিসিবি, বিদ্যুৎ বিতরণ কোম্পানিসমূহ এবং টেলিকম সংশ্লিষ্ট অপারেটরদের সঙ্গে আরেকটি যৌথসভা অনুষ্ঠিত হবে। সভায় টেলিকম খাত সংশ্লিষ্ট জ্বালানি সংকটজনিত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।’
বিজ্ঞপ্তি অনুযায়ী বুধবার দুপুর আড়াইটায় রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিতকরণ বিষয়ে প্রথম যৌথ সভা অনুষ্ঠিত হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬