পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬ তলা একাডেমিক ভবনের পাইলিং কাজের উদ্বোধন
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ৬ তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে বিদ্যালয় প্রাঙ্গণে এ ভবনের পাইলিং কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সাঈদ।
দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষ ও ল্যাবরেটরি সংকটে থাকা এ বিদ্যালয়ে নতুন ভবনের কাজ শুরু হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, “শিক্ষার গুণগত মান উন্নয়নে আধুনিক অবকাঠামোর বিকল্প নেই। এই ভবন নির্মাণের মাধ্যমে শিক্ষার্থীরা উন্নত পরিবেশে পাঠগ্রহণের সুযোগ পাবে।” তিনি আরও জানান, কাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হবে।
পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এই ভবনটি বাস্তবায়িত হচ্ছে। এটি জেলার অন্যতম আধুনিক শিক্ষা অবকাঠামো হিসেবে গড়ে উঠবে।”
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, নির্ধারিত নকশা অনুযায়ী পাইলিং কাজ শুরু হয়েছে এবং দ্রুততম সময়ে ভবনের কাঠামো দৃশ্যমান হবে বলে আশা করা হচ্ছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাবর তালুকদার বলেন, “নতুন ভবন নির্মিত হলে ডিজিটাল ক্লাসরুম, আধুনিক ল্যাব ও লাইব্রেরির সংকট দূর হবে এবং কয়েক হাজার শিক্ষার্থী উপকৃত হবে।”
বর্তমানে হাইড্রোলিক মেশিনের মাধ্যমে পাইল ফাউন্ডেশন স্থাপনের কাজ চলছে। সংশ্লিষ্টরা আশা করছেন, ভবনটি নির্মিত হলে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় দক্ষিণাঞ্চলের অন্যতম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬