|
প্রিন্টের সময়কালঃ ২৬ এপ্রিল ২০২৬ ০৪:৪৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ এপ্রিল ২০২৬ ০১:১৭ অপরাহ্ণ

দেবীগঞ্জে ইউএনওর ওপর হামলা: ৩০০ জনের বিরুদ্ধে মামলা


দেবীগঞ্জে ইউএনওর ওপর হামলা: ৩০০ জনের বিরুদ্ধে মামলা


পঞ্চগড় প্রতিনিধি:


পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে উপজেলা প্রশাসনের পেশকার সিরাজুল ইসলাম বাদী হয়ে দেবীগঞ্জ থানায় এ মামলা করেন।

মামলায় ২৫ জনের নাম উল্লেখ করে আরও ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, মামলার পরপরই পুলিশ অভিযান শুরু করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে সম্ভাব্য স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট পাম্পে তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

জানা গেছে, শনিবার পেট্রোল সরবরাহের খবর পেয়ে ভোর থেকেই পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ লাইন পড়ে। বেলা সাড়ে ১২টার দিকে তেল সরবরাহ কার্যক্রম পরিদর্শনে সেখানে যান ইউএনও সবুজ কুমার বসাক। এ সময় তিনি ফুয়েল কার্ড, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকদের সরে যাওয়ার নির্দেশ দেন।

পরবর্তীতে দুইজন চালকের বৈধ কাগজপত্র না থাকায় তাদের ৫০০ টাকা করে জরিমানা করা হয়। এ ঘটনায় লাইনে অপেক্ষমাণ ৩০-৪০ জন মোটরসাইকেল চালক উত্তেজিত হয়ে হট্টগোল শুরু করে। ধারণা করা হচ্ছে, তাদের অনেকের কাছেই বৈধ কাগজপত্র ছিল না।

এক পর্যায়ে তারা ইউএনও ও তার সঙ্গে থাকা আনসার সদস্যদের দিকে তেড়ে আসে। পরিস্থিতি অবনতি হলে ইউএনওকে পাশের একটি বাড়িতে সরিয়ে নেওয়া হয়। এ সময় আনসার সদস্য তৈয়বুর রহমানকে মারধর করা হয় এবং তার কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক জানান, ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই পাম্পে তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬