|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০২:৩০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ অক্টোবর ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ণ

রাঙামাটি-খাগড়াছড়িতে অর্ধদিবস সড়ক-নৌপথ অবরোধ, কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ


রাঙামাটি-খাগড়াছড়িতে অর্ধদিবস সড়ক-নৌপথ অবরোধ, কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ


নিজস্ব প্রতিবেদক:

 

সাজেকে অবরোধকারীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের কর্মসূচি
 

রাঙামাটি ও খাগড়াছড়িতে সাজেকে অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ। শনিবার (২৪ অক্টোবর) ভোর থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়ক ও সাজেক সড়কের বিভিন্ন স্থানে যান চলাচল বন্ধ রয়েছে। তবে রাঙামাটি শহর ও রাঙামাটি-চট্টগ্রাম সড়কে যানবাহন চলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে।
 

সাজেকে জেএসএসের সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ সড়ক অবরোধে হামলা, লাঠিচার্জ এবং বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের অভিযোগ তুলে এ কর্মসূচি ঘোষণা করা হয়। একই সঙ্গে সাজেকবাসীর দাবির প্রতিও সংহতি জানিয়েছে সংগঠনটি।
 

অবরোধ চলাকালে সকালে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বেতবুনিয়া এলাকায় অবরোধকারীরা টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
 

অন্যদিকে, রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কের খামারপাড়া ও ধর্মঘর এলাকায় অবরোধকারীরা গাছের গুঁড়ি জ্বালিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। সাজেক সড়কের বিভিন্ন স্থানেও একইভাবে অবরোধ পালন করা হচ্ছে। ফলে এসব সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
 

অবরোধ চলাকালে এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
 

অবরোধকারী তপন চাকমা বলেন, সাজেকবাসীর ন্যায্য দাবিতে আন্দোলন চলাকালে সাধারণ মানুষের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতেই তাঁরা অর্ধদিবস অবরোধ কর্মসূচি পালন করছেন।
 

ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমা বলেন, রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে অবরোধ পালিত হচ্ছে। তবে কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিয়েছে। সাজেকে গোলাগুলির অজুহাতে সাধারণ মানুষের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান তাঁরা সমর্থন করেন না। তাঁর মতে, সাজেকবাসীর দাবিগুলো ন্যায্য।
 

তিনি আরও বলেন, সাধারণ মানুষের ওপর পুনরায় হামলা ও মামলা চালানো হলে এবং সাজেকবাসীর দাবি পূরণ না হলে তাঁরা পরবর্তী কর্মসূচি দিতে বাধ্য হবেন।
 

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, সাজেকে শান্তিপূর্ণভাবে অবরোধ চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। যানবাহন চলাচল বন্ধ থাকলেও সড়কে কোনো পিকেটার অবস্থান করছেন না।
 

অন্যদিকে, রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন বলেন, রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে অবরোধ পালিত হচ্ছে। কোথাও সংঘাতের ঘটনা ঘটেনি। রাঙামাটি-চট্টগ্রাম সড়ক ও নৌপথে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে এবং কয়েকটি স্থানে অবরোধকারীরা পিকেটিং করছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬