আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে: জাহেদ উর রহমান
নিজস্ব প্রতিবেদক
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় পুলিশ বাহিনী যে পরিস্থিতির মধ্যে ছিল, তা বিবেচনায় নিয়ে বলা যায়—আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা করছে।
তবে কোথাও কোথাও দায়িত্বে অবহেলার ঘটনা ঘটছে বলেও স্বীকার করেন তিনি। তার ভাষ্য, যেসব ক্ষেত্রে দায়িত্বে অবহেলা বা অনিয়মের ঘটনা ঘটছে, সেসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে কোনো ‘অ্যানার্কির’ মধ্যে নেই। অতীতে দেশে এমন পরিস্থিতি মনে হলেও বর্তমান পরিস্থিতি তার সঙ্গে তুলনীয় নয়।
অতীতের বিভিন্ন ঘটনার প্রসঙ্গ তুলে উপদেষ্টা বলেন, দুটি শীর্ষস্থানীয় পত্রিকায় আগুন দেওয়ার ঘোষণা ঘণ্টার পর ঘণ্টা প্রচার হলেও তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা ঠেকাতে কার্যকর উদ্যোগ নেয়নি। এ ছাড়া মাজার ভাঙা, মেয়েদের ফুটবল খেলা বন্ধের ঘোষণা, নাটক ও মেলা বন্ধের মতো ঘটনাকেও তিনি আগের পরিস্থিতির উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
বর্তমানে দুই-একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও সেগুলোকে অতীতের পরিস্থিতির সঙ্গে তুলনা করা ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি। এর উদাহরণ হিসেবে মেয়েদের ফুটবল খেলা বন্ধের ঘোষণার বিপরীতে বর্তমানে মেয়েদের ফুটবল খেলা হচ্ছে বলেও উল্লেখ করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী মোতায়েনের বিষয়ে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, পুলিশ বাহিনী বর্তমানে যেভাবে কাজ করছে, তাদের তৎপরতা আরও বাড়ছে। তবে রাষ্ট্র ও জনগণের প্রয়োজন বিবেচনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী মোতায়েন করা হতে পারে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬