|
প্রিন্টের সময়কালঃ ২৮ অক্টোবর ২০২৬ ০১:৩৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ অক্টোবর ২০২৬ ১১:৪৪ পূর্বাহ্ণ

পঞ্চগড়ে বাড়ছে শীতের আমেজ, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি


পঞ্চগড়ে বাড়ছে শীতের আমেজ, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি


পঞ্চগড় প্রতিনিধি

 

উত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমেই বাড়ছে শীতের আমেজ। দিনের বেলায় প্রখর রোদে গরম অনুভূত হলেও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই বইতে শুরু করছে ঠান্ডা বাতাস। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শীতের অনুভূতি, যা ভোর পর্যন্ত স্থায়ী হচ্ছে। তাপমাত্রার এই পরিবর্তনে জেলাজুড়ে শীতের আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠেছে।
 

বুধবার (২৮ অক্টোবর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এর আগের দিন মঙ্গলবার একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
 

তবে রাত ও ভোরে তাপমাত্রা কমলেও দিনের বেলায় গরমের অনুভূতি থাকছে। মঙ্গলবার বিকেল ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ফলে দিনে গরম আর রাতে ঠান্ডা—এমন বৈপরীত্যপূর্ণ আবহাওয়ার মধ্য দিয়ে দিন পার করছেন স্থানীয় বাসিন্দারা।
 

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট এলাকার বাসিন্দা রুবেল ইসলাম বলেন, দিনের বেলায় রোদের কারণে বেশ গরম লাগে। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই ঠান্ডা বাতাস বইতে শুরু করে। রাতে ও ভোরে শীত বেশি অনুভূত হয়।
 

একই এলাকার বাসিন্দা মাসুস রানা বলেন, সকালে বাড়ি থেকে বের হলে ঠান্ডা বাতাস অনুভূত হয়। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপে গরম লাগে। দিনে গরম আর রাতে ঠান্ডা—এমন আবহাওয়ার মধ্যেই চলাফেরা করতে হচ্ছে।
 

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত কয়েক দিন ধরে আকাশে মেঘ না থাকায় হিমালয় থেকে আসা বাতাসের প্রভাবে পঞ্চগড়ে তাপমাত্রা কমছে। এতে জেলায় শীতের আগমনী পরিস্থিতি তৈরি হয়েছে।
 

তিনি আরও জানান, আগামী ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে জেলায় বৃষ্টিবলয় কেটে গেলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬