|
প্রিন্টের সময়কালঃ ০৮ জুন ২০২৬ ০২:৫৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ জুন ২০২৬ ১২:৩১ অপরাহ্ণ

৬ নবজাতকের মৃত্যু: পরিবার প্রতি ৮০ লাখ টাকা দেবে আদ্-দ্বীন


৬ নবজাতকের মৃত্যু: পরিবার প্রতি ৮০ লাখ টাকা দেবে আদ্-দ্বীন


রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব জমা দিতে আরও ৪৮ ঘণ্টা সময় চেয়েছে প্রতিষ্ঠানটি।

 

রোববার সুপ্রিম কোর্টে নিজ চেম্বারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান হাসপাতালের আইনজীবী শিশির মনির।

 

তিনি বলেন, নবজাতকদের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে আলোচনা হয়েছে। সেই আলোচনার ভিত্তিতেই প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ পূর্বে যে অন্যান্য সহায়তা ও সুবিধার ঘোষণা দিয়েছিল, সেগুলোও বহাল থাকবে।

 

শিশির মনির আরও জানান, নির্ধারিত ক্ষতিপূরণের অংশ হিসেবে ইতোমধ্যে প্রতিটি পরিবারকে ১০ লাখ টাকা করে প্রদান করা হয়েছে।

 

লাইসেন্স বাতিলের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের শোকজ নোটিশ প্রসঙ্গে তিনি বলেন, নবজাতকদের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে না—এ বিষয়ে ব্যাখ্যা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ আরও ৪৮ ঘণ্টা সময় চেয়েছে। তারা আগামী ৯ জুন পর্যন্ত সময় প্রার্থনা করেছে এবং আইনজীবীসহ সশরীরে উপস্থিত হয়ে জবাব দিতে আগ্রহী।

 

এদিকে সময় বৃদ্ধির আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

 

তিনি জানান, শোকজের জবাব দেওয়ার শেষ সময় ছিল রোববার বিকেল ৫টা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ নির্ধারিত সময় বাড়ানোর জন্য লিখিত আবেদন জমা দিয়েছে।

 

মহাপরিচালক আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জবাব না পাওয়া গেলে অথবা সময় বৃদ্ধির আবেদন অনুমোদন না হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬