চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির তৎপরতায় এ চেষ্টা প্রতিহত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে রামদাসপুর বিওপি এলাকার সীমান্ত পিলার ২১৬/এমপি সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্র জানায়, ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসেরনগর ক্যাম্পের সদস্যরা ছয়জনকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে রামদাসপুর বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে।
এ সময় ওই ছয়জনকে সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। পরে তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু হয়।
১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুশইনের চেষ্টার ঘটনায় বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
তিনি বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ কিংবা পুশইনের যেকোনো চেষ্টা প্রতিহত করতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬