|
প্রিন্টের সময়কালঃ ০৭ এপ্রিল ২০২৬ ০৭:২৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ এপ্রিল ২০২৬ ০৩:৫৮ অপরাহ্ণ

সারা দেশের সকল শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে


সারা দেশের সকল শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে


শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগামী দিনে পাবলিক পরীক্ষাগুলো সারা দেশের সকল শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নে নেওয়া হবে। 

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড বরিশালের উদ্যোগে বরিশাল শিল্পকলা মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আসন্ন পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে আয়োজনের পাশাপাশি উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না। যথাযথ নিয়ম অনুসরণ করে খাতা মূল্যায়ন করতে হবে।

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুনির্দিষ্ট নির্দেশনা দেন তিনি।

উত্তরপত্র মূল্যায়নে কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী। তিনি মনে করেন, শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে স্বচ্ছতা বজায় রাখা অপরিহার্য।

বরিশাল শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট বোর্ডগুলোর প্রশাসনিক ও কৌশলগত নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শহরাঞ্চলের শিক্ষা কার্যক্রম নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, দেশের মেট্রোপলিটন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইন ও অফলাইন ক্লাস চালুর বিষয়ে সরকার কাজ করছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে প্রয়োজনীয় আলোচনা চলছে।

সার্বিক মতামতের ভিত্তিতে আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে একটি আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান মন্ত্রী। প্রতিবেদনটি পর্যালোচনার পর এ বিষয়ে সরকারের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

শিক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, শিক্ষার পরিবেশ রক্ষা এবং শিক্ষক-শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখতে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। একইসাথে পরীক্ষার প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করতে সব ধরনের মনিটরিং জোরদার করা হবে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড বরিশালের চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বরিশাল ৫ আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলম, বরিশাল সিটি করপোরেশনের বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হকসহ বরিশালের বিশিষ্টজনরা।

এর আগে সভায় যোগদানের উদ্দেশে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা সোমবার রাতে ঢাকা থেকে লঞ্চযোগে রওয়ানা দিয়ে আজ সকালে বরিশালে পৌঁছেন।

 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬