স্বাভাবিক জীবনে ফেরার আকুতি: কিশোরগঞ্জে ৮ মাদক কারবারির আত্মসমর্পণ
কিশোরগঞ্জ প্রতিনিধি:
স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশা নিয়ে কিশোরগঞ্জে ৮ জন মাদক কারবারি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। রোববার বিকেলে জেলা শহরের মনিপুরঘাট এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তারা আত্মসমর্পণের পাশাপাশি নিজেদের কাছে থাকা দেশীয় অস্ত্র জমা দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম এবং পুলিশ সুপার মিজানুর রহমান। আত্মসমর্পণকারীদের মধ্যে সুজন, শাহ আলম, জহির, নাদিম, রোজিসহ মোট ৮ জন রয়েছেন। তারা রামদা, বল্লম ও ছোরাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র পুলিশের কাছে হস্তান্তর করেন।
আত্মসমর্পণের সময় তারা পুরনো মামলা থেকে অব্যাহতির আবেদন জানান এবং ভবিষ্যতে মাদক ব্যবসায় না জড়ানোর অঙ্গীকার করেন। তাদের ভাষ্য, অবৈধভাবে অর্থ উপার্জন করলেও তারা মানসিক শান্তি পাননি। এখন স্বাভাবিক জীবনে ফিরে শান্তিতে থাকতে চান।
পুলিশ জানায়, আত্মসমর্পণকারী ব্যক্তিদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং নিয়মিত থানায় হাজিরা দেওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় তাদের বিকল্প আয়ের ব্যবস্থা করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, মাদক ব্যবসা ছাড়ার অঙ্গীকার যেন সাময়িক না হয়, তা নিশ্চিত করতে হবে। তিনি সমাজের সচেতন ব্যক্তিদের এদের পুনর্বাসনে এগিয়ে আসার আহ্বান জানান।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরীফুল হক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসরাইল মিয়া এবং জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাসুদুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল হক জানান, আত্মসমর্পণকারীদের নিয়মিত তদারকির পাশাপাশি তাদের আইনশৃঙ্খলা কার্যক্রমের আওতায় রাখা হবে, যাতে তারা পুনরায় অপরাধে জড়িয়ে না পড়েন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬