|
প্রিন্টের সময়কালঃ ১৭ নভেম্বর ২০২৬ ১০:১৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ নভেম্বর ২০২৬ ১২:০৪ অপরাহ্ণ

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, ৪৩ কারখানা বন্ধ


গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, ৪৩ কারখানা বন্ধ


মজুরি বোর্ডের সভা স্থগিত হওয়ার পরও শ্রমিক অসন্তোষের আগুনে উত্তপ্ত গাজীপুরের শিল্পাঞ্চল। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক দফা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

 

অন্যদিকে নাওজোর ও জয়দেবপুর এলাকায়ও শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শ্রমিক অসন্তোষের কারণে নতুন করে ৭টিসহ মোট ৪৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শিল্পাঞ্চলের প্রায় ৮০ শতাংশ কারখানা মঙ্গলবারের জন্য ছুটি ঘোষণা করেছে।

 

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে মহানগরীর ছয়দানা, ভোগড়া বাইপাস ও আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ ও অবরোধ শুরু করেন। একই সময়ে নাওজোর এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। জয়দেবপুর-চান্দনা চৌরাস্তা এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকেরাও আন্দোলনে যোগ দেন। এতে বিভিন্ন স্থানে হাজারো শ্রমিকের সমাগম ঘটে। মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকেরা।

 

শ্রমিকেরা সর্বনিম্ন মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলন করছেন। তাঁদের অভিযোগ ও দাবি নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ চলছিল। এর মধ্যে মজুরি বোর্ডের সভা স্থগিত হওয়ার পর মঙ্গলবার সকালে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

 

ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ ও বিজিবি সদস্যরা চেষ্টা করলে একপর্যায়ে শ্রমিকেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক দফা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। অন্যদিকে জয়দেবপুর ও নাওজোর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। তবে ভোগড়া বাইপাস এলাকায় বিক্ষোভ ও অবরোধ চলতে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে বেগ পেতে হয়।

 

শ্রমিক অসন্তোষের কারণে মঙ্গলবার নতুন করে আরও ৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে একই কারণে ৩৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল। সব মিলিয়ে গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ৪৩টিতে। এ ছাড়া শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শিল্পাঞ্চলের প্রায় ৮০ শতাংশ কারখানা মঙ্গলবারের জন্য ছুটি ঘোষণা করেছে। ফলে অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ থাকায় শিল্পাঞ্চলের সামগ্রিক উৎপাদন ও কর্মপরিবেশে বড় ধরনের প্রভাব পড়েছে।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে শিল্প পুলিশ, গাজীপুর জেলা পুলিশ, মহানগর পুলিশ, আনসার এবং বিজিবিরসহ ২৫ প্লাটুন আইন-শৃঙ্খলা রক্ষাকারী সদস্য দায়িত্ব পালন করছেন। তাঁরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, কারখানার প্রবেশপথ ও ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা এবং কারখানার নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চলছে।

 

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহেল রানা জানান, শ্রমিকেরা টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছিলেন। পরে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। শিল্পাঞ্চলে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

 

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং শিল্পাঞ্চলের শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

 

মজুরি বোর্ডের সভা স্থগিতের পর শ্রমিকদের নতুন করে সড়কে নেমে আসায় গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিরতা আরও বেড়েছে। একদিকে ৪৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, অন্যদিকে প্রায় ৮০ শতাংশ কারখানায় এক দিনের ছুটি ঘোষণা-সব মিলিয়ে শিল্পাঞ্চলের উৎপাদন ও স্বাভাবিক কর্মচাঞ্চল্য স্থবির হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬