শিশু রামিসা হত্যা: স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াতের
ঢাকা প্রেস প্রতিবেদক
শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার আয়োজিত এ কর্মসূচি থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়। একই সঙ্গে রামিসার ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে শিশু ধর্ষণ, হত্যা, নারী নির্যাতন, চাঁদাবাজি ও সন্ত্রাসের প্রতিবাদে সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াত। সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার রামিসা হত্যাকাণ্ডকে “অমানবিকতার নিকৃষ্ট উদাহরণ” হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, “ফুটফুটে এই শিশুর মৃত্যুতে পুরো জাতি ব্যথিত হলেও স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে সেই অনুভূতি দেখা যাচ্ছে না। আইনশৃঙ্খলার চরম অবনতির দায়ে তাঁর পদত্যাগ করা উচিত।”
এ সময় নেতাকর্মীরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেন। গোলাম পরওয়ার বলেন, বিশ্বের বিভিন্ন দেশে মন্ত্রীরা ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করেন, কিন্তু বাংলাদেশে দায় এড়িয়ে যাওয়ার সংস্কৃতি চালু রয়েছে।
বিএনপি নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে তিনি বলেন, অতীত সরকারের ব্যর্থতার কথা বলে বর্তমান পরিস্থিতির দায় এড়ানো যাবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে সরকারের অস্তিত্বও হুমকির মুখে পড়তে পারে।
সমাবেশে তিনি দাবি করেন, দেশে নারী ও শিশুদের নিরাপত্তা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ধর্ষণ, হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজির ঘটনায় কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। বিচারহীনতার সংস্কৃতি সামাজিক অপরাধ বাড়িয়ে দিচ্ছে বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা।
মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় নেতাদের মধ্যে নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেনসহ আরও অনেকে বক্তব্য দেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে গুলিস্তান জিরো পয়েন্ট, পল্টন মোড় ও বিজয়নগর এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়।
রামিসার পরিবারের পাশে নেতারা
বুধবার রামিসার বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এছাড়া স্থানীয় সংসদ সদস্য কর্নেল (অব.) আবদুল বাতেনও রামিসার পরিবারের সঙ্গে দেখা করে ধর্ষক ও হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন।
বিভিন্ন সংগঠনের প্রতিবাদ
শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মহিলা জামায়াত। সংগঠনটির সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা এমপি এক বিবৃতিতে বলেন, গত নয় দিনে পাঁচ শিশুকে হত্যা করা হয়েছে। এসব ঘটনার বিচার বিশেষ ট্রাইব্যুনালে করার দাবি জানান তিনি।
এদিকে একই ঘটনায় বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রীসংস্থাও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
রামিসা হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এক যৌথ বিবৃতিতে বলেন, ধর্ষণ ও হত্যা এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয়; দেশে নারী ও শিশু নির্যাতন উদ্বেগজনক হারে বেড়েছে।
খুন, ধর্ষণসহ সাম্প্রতিক নৃশংস অপরাধের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দোষীদের বিচারের দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬