স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে কোইকা কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) কান্ট্রি ডিরেক্টর জিহুন কিম।
সোমবার সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ ও কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ, কৃষি সম্প্রসারণ এবং টেকসই গ্রামীণ উন্নয়ন বিষয়ে নতুন প্রকল্প গ্রহণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয়।
এ সময় কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির বাংলাদেশ উপ-দেশীয় পরিচালক জুনসু কিম উপস্থিত ছিলেন।
আলোচনায় বাংলাদেশ ও কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা আগামী দিনে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সাক্ষাৎকালে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাম্মদ শওকত রশীদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অধীনস্থ দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬