|
প্রিন্টের সময়কালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ এপ্রিল ২০২৫ ০৭:৫৮ অপরাহ্ণ

বিএফডিসির সক্ষমতা বৃদ্ধিতে সরকারের বহুমুখী উদ্যোগ: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম


বিএফডিসির সক্ষমতা বৃদ্ধিতে সরকারের বহুমুখী উদ্যোগ: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) সক্ষমতা বাড়াতে সরকার নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বিএফডিসির আয়োজিত ফোকাস গ্রুপ আলোচনায় তিনি এ কথা বলেন।
 

তথ্য উপদেষ্টা বলেন, দেশের চলচ্চিত্র শিল্পের রয়েছে বিশাল বাজার ও সম্ভাবনা। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে বিএফডিসিসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
 

তিনি আরও বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়, বিএফডিসির কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির দিকেও নজর দিতে হবে। এ বিষয়ে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।
 

কবিরপুরে নির্মাণাধীন ফিল্ম সিটিকে ঘিরে চলচ্চিত্র সংশ্লিষ্টদের আগ্রহের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, “এই ফিল্ম সিটির নির্মাণ কাজ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে।”
 

ফোকাস গ্রুপ আলোচনায় অংশ নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, “শুটিংয়ের সুবিধার্থে বিএফডিসির বিদ্যমান অবকাঠামো সংস্কার করা জরুরি।” পাশাপাশি, কবিরপুর ফিল্ম সিটির সৌন্দর্য বৃদ্ধির ওপরও তিনি জোর দেন।
 

বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বলেন, “বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও বিএফডিসি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।” তিনি বিএফডিসির সংস্কার কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সরকারের সহযোগিতা কামনা করেন।
 

আলোচনায় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রগ্রাহকসহ চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬