দক্ষিণ রুমালিয়ার ছড়ায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ
মো:মোজাম্মেল হক, স্টাফ রিপোর্টার:
কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ার ছড়া সমিতি বাজার এলাকায় এক দুবাই প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১১ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা নগদ টাকা, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
মঙ্গলবার (১২ মে) বিকেলে প্রবাসীর স্ত্রী সকিনা বেগম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দায়ের করেন।
এজাহারে উল্লেখ করা হয়, কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ার ছড়া সমিতি বাজার এলাকার বাসিন্দা জাহেদ ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে প্রবাসী জিয়াউর রহমান-এর পরিবারের বসতভিটা দখল এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল।
পরিবারের অভিযোগ, স্বামী ও সন্তান প্রবাসে থাকায় সকিনা বেগমকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখানো হতো। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১১ মে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে জাহেদ, জাহাঙ্গীর, রফিক, ইয়াসিন, সুলতান, সেলিনা, কাজল, হাসানসহ ১১ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল প্রবাসীর বাড়িতে হামলা চালায়।
এজাহার সূত্রে জানা যায়, হামলাকারীরা দা, কিরিচ ও লাঠিসোটা নিয়ে বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। পরে ঘরের আলমারি ভেঙে দুই ভরি স্বর্ণালংকার, নগদ দুই লাখ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নেয় বলে অভিযোগ করা হয়েছে।
বাদী সকিনা বেগম অভিযোগ করেন, লুটপাট শেষে যাওয়ার সময় হামলাকারীরা মামলা করলে হত্যার হুমকি দেয়। তিনি প্রশাসনের কাছে নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি করেছেন।
এ বিষয়ে শেখ মোহাম্মদ আলি বলেন, ঘটনায় লিখিত এজাহার পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬