|
প্রিন্টের সময়কালঃ ১১ আগu ২০২৬ ০৫:১৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ আগu ২০২৬ ০১:২০ অপরাহ্ণ

পটিয়ার দক্ষিণ ভূর্ষি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ


পটিয়ার দক্ষিণ ভূর্ষি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ


আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:

 

চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মোবাইল আসক্তি কমানো এবং বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
 

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু মোহাম্মদ শেখ আবদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম।
 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিল্পী রানী দাশের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. নুরুল আকতার মেম্বার, পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল হাকিম রানা, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবসার উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক শরণ কান্তি শীল, বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য নুর মোহাম্মদ, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. সোলাইমান আশরাফ সাদেক।
 

প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ আলম বলেন, বর্তমানে শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বই শিক্ষা ব্যবস্থার নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের একটি বড় অংশ পড়াশোনায় মনোযোগ না দিয়ে দীর্ঘ সময় মোবাইল ফোনে ব্যস্ত থাকায় তারা প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
 

তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন যুগোপযোগী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। এসব উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হলে শিক্ষাক্ষেত্রের চলমান সংকট অনেকটাই দূর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 

খোরশেদ আলম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শুধু বড় বড় ভবন নির্মাণ করলেই হবে না; শিক্ষার্থীদের প্রকৃত অর্থে শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে হবে। এজন্য শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটিকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
 

বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, পটিয়ার এমপি আলহাজ্ব এনামুল হক এনামের সঙ্গে আলোচনা করে বিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে আছে উল্লেখ করে তিনি সড়কটি সংস্কারসহ অন্যান্য সমস্যার সমাধানে সহযোগিতার আশ্বাস দেন।
 

 

অনুষ্ঠানের আগে খোরশেদ আলমকে এলাকার গুণীজন হিসেবে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬