|
প্রিন্টের সময়কালঃ ২১ মে ২০২৬ ০৪:১৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ মে ২০২৬ ১০:৪৩ পূর্বাহ্ণ

আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক


আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক


আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গণি (৩৫) দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওসমান গণি বড় বিনাইরচর গ্রামের মৃত আব্দুল আব্দুর রশিদের ছেলে।
 

ঘটনার পর দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রমজান মিয়াসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে পাঁচগাঁও এলাকায় মাটি কেনাবেচার ব্যবসা করছিলেন ওসমান গণি। বুধবার রাত ১২টার দিকে মাটি তোলার কাজে ব্যবহৃত একটি ভেকু মাটিতে ডেবে যায়। খবর পেয়ে ওসমান গণি কয়েকজন সহযোগীকে নিয়ে মোটরসাইকেলে ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছালে ২০ থেকে ২৫ জনের একটি মুখোশধারী সশস্ত্র দল তাদের ঘিরে ফেলে।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা উপস্থিত সবাইকে হাত উঁচু করে দাঁড়িয়ে থাকতে বলে। এরপর কোনো কথা না বলেই তারা ওসমান গণির মাথা, গলা ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
 

পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 

ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ড সভাপতি ইসমাইল মিয়া অভিযোগ করেন, মাটি উত্তোলনকে কেন্দ্র করে দুপ্তারা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের এক নেতার সঙ্গে ওসমান গণির বিরোধ চলছিল। ব্রাহ্মন্দী ইউনিয়নের বাসিন্দা হয়ে দুপ্তারা এলাকায় মাটি তোলার অভিযোগ তুলে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ নিয়ে মঙ্গলবার উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডাও হয়েছিল বলে দাবি করেন তিনি।
 

ওসি মো. আলাউদ্দিন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
 

হত্যাকাণ্ডের প্রতিবাদে সড়ক অবরোধ

ওসমান গণির হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তারা ভুলতা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের বড় বিনাইরচর এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় কয়েকটি অটোরিকশা ভাঙচুরের ঘটনাও ঘটে।
 

সকাল সাতটা থেকে আঞ্চলিক মহাসড়কটিতে যান চলাচল বন্ধ থাকায় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬