শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণে ব্যয় বাড়ল ৮৪৮ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ (প্রথম পর্যায়) প্রকল্পের ব্যয় তৃতীয় দফায় সংশোধন করে আরও ৮৪৭ কোটি ৫৮ লাখ টাকা বাড়ানো হয়েছে। এতে প্রকল্পটির মোট ব্যয় দাঁড়িয়েছে ২২ হাজার ২১৩ কোটি টাকা। একই সঙ্গে প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়িয়ে আগামী বছরের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রকল্পটির তৃতীয় সংশোধনী অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে মোট ১৩টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে পাঁচটি সংশোধিত এবং আটটি নতুন প্রকল্প। এ ছাড়া তিনটি প্রকল্প ফেরত দিয়ে সংশ্লিষ্টদের ডিপিপি পুনর্গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
অনুমোদিত ১৩ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১৫ হাজার ৮২৪ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ১৮৮ কোটি টাকা, বৈদেশিক ঋণ ৫ হাজার ২৫৩ কোটি এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৮২ কোটি টাকা।
সম্ভাব্যতা যাচাইয়ে গুরুত্ব
পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে বৈঠকের বিস্তারিত তুলে ধরে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকী বলেন, প্রকল্প বাস্তবায়নে সময় ও ব্যয় কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, সম্ভাব্যতা যাচাইয়ের দুর্বলতার কারণে অনেক প্রকল্পে পরবর্তী সময়ে ব্যয় ও সময় বাড়াতে হয়। তাই প্রকল্প গ্রহণের আগে সম্ভাব্যতা যাচাই আরও যথাযথভাবে করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ কাজে অবহেলার সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
এ ছাড়া প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ নীতিমালা বাস্তবায়ন হলে প্রকল্প গ্রহণের আগে যাচাই-বাছাই আরও কার্যকর হবে এবং সময় ও ব্যয় নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
তিন দফায় বেড়েছে বিমানবন্দর প্রকল্পের ব্যয়
২০১৬ সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পটি অনুমোদনের সময় এর ব্যয় ধরা হয়েছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকা। ওই বছরের জুনে কাজ শুরু হয়ে ২০২২ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল।
নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রথম সংশোধনীতে প্রকল্পের মেয়াদ ২০২৫ সালের জুন পর্যন্ত বাড়ানো হয় এবং ব্যয়ও বৃদ্ধি করা হয়। দ্বিতীয় সংশোধনীতে প্রকল্পের ব্যয় দাঁড়ায় ২১ হাজার ৩৬৫ কোটি ৫২ লাখ টাকা।
এবার তৃতীয় সংশোধনীতে ব্যয় আরও ৮৪৭ কোটি ৫৮ লাখ টাকা বেড়ে মোট ২২ হাজার ২১৩ কোটি টাকা হয়েছে। অর্থাৎ মূল অনুমোদিত ব্যয়ের তুলনায় এখন প্রকল্পটির ব্যয় বেড়েছে ৭ হাজার ৭৪৫ কোটি টাকা।
প্রকল্পে সরকারের অর্থায়ন থাকছে ৫ হাজার ১১৬ কোটি টাকা। বাকি ১৭ হাজার ৯৭ কোটি টাকা ঋণ হিসেবে দিচ্ছে জাপান সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬