ছয় মাসে ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি ‘ওয়ান ডিজিটে’ নামানোর লক্ষ্য: প্রতিমন্ত্রী মীর হেলাল
নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:
আগামী ছয় মাসের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতির হার ‘ওয়ান ডিজিটে’ নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
রোববার (২২ মার্চ ২০২৬) ঈদের দ্বিতীয় দিনে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, অটোমেশন ও ই-সেবা চালুর মাধ্যমে নগদ লেনদেন কমিয়ে দুর্নীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এ লক্ষ্যে মন্ত্রণালয়ের কার্যক্রমে অটোমেশন বৃদ্ধি, ই-পেমেন্ট চালু এবং অফিসগুলোতে সরাসরি নগদ লেনদেন বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি জানান, তার নির্বাচনী এলাকা চট্টগ্রামের হাটহাজারী ভূমি অফিসে ইতোমধ্যে সম্পূর্ণ ই-পেমেন্ট ব্যবস্থা চালু হয়েছে, যেখানে কোনো ধরনের নগদ লেনদেন হয় না।
দেশের প্রতিটি ইউনিয়নে ভূমি সেবা না থাকাকে দুঃখজনক উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার ধাপে ধাপে প্রতিটি ইউনিয়নে এ সেবা সম্প্রসারণে কাজ করছে। এ ছাড়া আইন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সমন্বয়ে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শুরু হয়েছে।
মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং মাঠপর্যায়ে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করা হবে। পরিকল্পিত সংস্কারের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়কে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের আশা প্রকাশ করেন তিনি।
এ সময় তার পিতা ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দীন উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬