|
প্রিন্টের সময়কালঃ ১৮ মে ২০২৬ ১০:৫৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ মে ২০২৬ ০৯:২১ অপরাহ্ণ

প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা গড়ে তুলতে জেএ টিভির প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত


প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা গড়ে তুলতে জেএ টিভির প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত


ডেস্ক নিউজ, ঢাকা প্রেস

 

 

রাজধানী ঢাকার কচি-কাঁচা মিলনায়তনে জেএ টিভির উদ্যোগে দিনব্যাপী প্রতিনিধি কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আয়োজিত এ কর্মশালায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিনিধিরা অংশ নেন।

 

আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিনিধিদের দক্ষ করে তুলতে কর্মশালায় ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওসিন্ট), জনস্বার্থে সাংবাদিকতা এবং মাল্টিমিডিয়া অনলাইন সাংবাদিকতা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

 

ওসিন্ট সেশনে অংশগ্রহণকারীদের ইন্টারনেটে উন্মুক্ত তথ্য, ছবি ও ভিডিও বিশ্লেষণের মাধ্যমে সংবাদের সত্যতা যাচাইয়ের কৌশল শেখানো হয়। এ সময় গুগল রিভার্স ইমেজ সার্চ, জিওলোকেশন যাচাই, সোশ্যাল মিডিয়া ভেরিফিকেশন এবং বিভিন্ন ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম ব্যবহারের ওপর ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

জনস্বার্থে সাংবাদিকতা বিষয়ক আলোচনায় দুর্নীতি, অনিয়ম ও সামাজিক অসঙ্গতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কৌশল, সাংবাদিকদের আইনি সুরক্ষা, তথ্য সংগ্রহের নৈতিকতা এবং তথ্যসূত্রের গোপনীয়তা রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। এছাড়া মাল্টিমিডিয়া অনলাইন সাংবাদিকতা সেশনে টেক্সট, ছবি, ভিডিও ও ইনফোগ্রাফিক সমন্বয়ে আকর্ষণীয় সংবাদ উপস্থাপন এবং ডিজিটাল প্ল্যাটফর্মে কার্যকর সংবাদ পরিবেশনের আধুনিক কৌশল নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। তিনি বলেন, “ডিজিটাল যুগে সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা অর্জন সময়ের দাবি। তথ্যের সত্যতা যাচাই, বস্তুনিষ্ঠতা এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাংবাদিকতা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব নবী উল্লাহ নবী।

 

জেএ টিভির চেয়ারম্যান এম জি কিবরিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাভিশন অনলাইন অ্যান্ড ডিজিটালের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল, দৈনিক কালবেলার হেড অব অনলাইন অমৃত মলঙ্গী এবং জেএ টিভির হেড অব ডিজিটাল জয় কর্মকার।

 

এছাড়া আমন্ত্রিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসমাইল হোসেন জাকির, মো. ফারুক হোসেন, মো. রফিকুল ইসলাম মানিক এবং আল মামুন এলিট সাগর। কর্মশালাজুড়ে অংশগ্রহণকারী প্রতিনিধিদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা, পেশাগত চ্যালেঞ্জ এবং ডিজিটাল নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়।

 

অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছিলেন জেএ টিভির ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান আলী। তিনি বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন জেএ টিভির হেড অব নিউজ ওমর ফারুক রবিন।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিহাব শেখ ও সবুজ বাঙালি। কর্মশালা শেষে অংশগ্রহণকারী প্রতিনিধিদের মধ্যে সনদ বিতরণ করা হয়। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬