|
প্রিন্টের সময়কালঃ ২২ নভেম্বর ২০২৬ ০২:৪৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ নভেম্বর ২০২৬ ০৫:৫৫ অপরাহ্ণ

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ


সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ


সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানেরা।
 

শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলামও উপস্থিত ছিলেন।
 

এর আগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সকালে ঢাকা সেনানিবাসের কুর্মিটোলায় অবস্থিত শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
 

পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বিউগলে করুণ সুর বাজানো হয়।
 

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী শিখা অনির্বাণ প্রাঙ্গণে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
 

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে মহান মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতা অর্জনে সশস্ত্র বাহিনীর বীরত্বপূর্ণ অবদান ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬